হোমনায় বৃহস্পতিবার বাবা-মার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নাম মো. মহাসিন (২৫)।
এর আগে মাদকাসক্ত মো. মহাসিনকে পুলিশ হোমনা বাজার থেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক ও ইউএনও আজগর আলী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ঘাড়মোড়া গ্রামের মাদকাসক্ত মহাসিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা মহরম আলী ও মা নূরজাহান বেগম ইউএনও আজগর আলীর কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তাকে গ্রেফতার ও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড দেওয়া হয়।