মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পদবি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে মো. আলম খান নামে একজন ডাক্তার পদবিধারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের তাজ খান শপিং কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানের সময় এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনার সময় রিমা বেগম নামের একজন নারীর কাছ থেকে দায়িত্বহীনভাবে চিকিত্সার নামে অগ্রীম ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। আলম খান টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এছাড়া তার নামের পাশে অতিরিক্ত পদবি লেখার কোনো কাগজপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র দেখাতে ব্যর্থ হন।
অপরদিকে, মেয়াদোত্তীর্ণ লিপটন চা পাতা, তেল, ময়দা ও লবণ বিক্রির জন্য চান্দগ্রাম বাজারের মামুন ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সোনাই নদীর চান্দগ্রাম সেতুর ওপর অবৈধভাবে স্থাপিত ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ। চিকিত্সার জন্য এক নারীর কাছে ১০ হাজার টাকা অগ্রিম দাবি করেছে। ওই নারী একসাথে দিতে না পারায় পাঁচ হাজার টাকা দেন। এছাড়া ভুয়া পদবি ব্যবাহর করছে। যার কোনো কাগজ দেখাতে পারেনি। এজন্য ভোক্তা অধিকার আইন ও মেডিকেল ডেন্টাল অ্যাক্টে জরিমানা করা হয়।’