প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড পেলেন সাত নারী উদ্যোক্তা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ১৯:৪৫
দেশের সাত বিভাগের সাতজন সফল নারী উদ্যোক্তাদের দেয়া হলো বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রগ্রেসিভ এওয়ার্ড ২০১২’। গতকাল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সফল এ নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বরিশাল বিভাগের ফুলকুড়ি ভ্যারাইটিজ কর্নারের স্বত্বাধিকারী বুলবুল চৌধুরী, চট্টগ্রামের রিহা টেক্সটাইলের মনোয়ারা বেগম, ঢাকা আফরিনস ব্যবসা প্রতিষ্ঠানের আফরিন ফারুক, খুলনার শশী বুটিকস অ্যান্ড ফুড প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খদিজা রসুল, রংপুরের লেডিস কর্নারের ফরিদা বেগম, রাজশাহী জোনাকি বুটিকসের মনিরা মতিন জোনাকি ও সিলেটির আড়ং মেলার নুরুন নাহার বেবী। প্রত্যেককে দশ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। মহিলা উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে প্রচার মাধ্যমে অবদান রাখার জন্য ‘সময় টিভি’র প্রতিবেদক ফারহা তানজী এবং ইংরেজী দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’ এর প্রতিবেদক আবু সাজ্জাদকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি সঙ্গীতা আহমেদ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসির এ. চৌধুরী, ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এ্যাড্ভাইজার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোঃ লিঃ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মুনমুন রহমান প্রমুখ।