সুইডেনে দাঙ্গা ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরে
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২০:৫২
সুইডেনে দাঙ্গা ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে। অতিরিক্ত পুলিশ পাঠিয়ে সুইডেনের রাজধানী স্টকহোমের দাঙ্গা কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও শুক্রবার থেকে রাজধানীর বাইরেও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে স্টকহোমে দাঙ্গা চলছে। শুক্রবারও স্টকহোমে কয়েকটি গাড়িতে ও একটি পুনঃপ্রক্রিয়াজাতকরণ স্টেশনে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ যুবকরা। চলতি মাসের প্রথম দিকে পুলিশের গুলিতে ৬৯ বছর বয়সী এক পর্তুগীজ অভিবাসী নিহত হওয়ার জের ধরে দাঙ্গার সূত্রপাত হয়। এরপর গতকাল পর্যন্ত ছয়রাত ধরে স্টকহোমের অভিবাসীদের এলাকায় দাঙ্গা অব্যাহত থাকে। এসব এলাকায় সাধারণ দরিদ্র অভিবাসীরা বসবাস করে। সহনশীলতা, উদারতা ও আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে সুইডেন পরিচিত হলেও এই দাঙ্গা সুইডেনের সংখ্যাগুরু উচ্চবিত্ত ও সংখ্যালঘু দরিদ্রদের মধ্যে বিদ্যমান ব্যবধানের গভীরতা তুলে ধরেছে। অভিবাসী বংশোদ্ভূত যুবকদের অধিকাংশ পড়াশোনার নিম্নমান, চাকরি না পাওয়া ও সমাজের প্রান্তীয় অবস্থানে ঠেলে দেয়ার অনুভূতিতে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মুখোশ পরে গাড়ি, স্কুল, পাঠাগার, দোকানপাট, থানা ইত্যাদিতে আগুন ধরিয়ে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামার সূত্রপাত করে। দাঙ্গার সূত্রপাত হওয়ার পর থেকে শুক্রবার স্টকহোম অনেকটা শান্ত থাকলেও এদিনও দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্টকহোম পুলিশের মুখপাত্র টোউ হ্যাগ বলেন, কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি আজ অনেকটা শান্ত। রাজধানী অনেকটা শান্ত হয়ে আসলেও ক্ষুব্ধতার আগুন এবার রাজধানীর বাইরে ছড়িয়ে পড়েছে।