আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৩
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২০:৫২
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জঙ্গি হামলায় ৭ জন এবং পাকিস্তানের পেশোয়ারে পুলিশের গাড়ি বহরে রকেট হামলায় অন্তত ৬ পুলিশ নিহত হয়েছে। কাবুলে হামলার সময় বিকট বিস্ফোরণের পাশাপাশি কয়েক ঘণ্টা ধরে বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটে। বন্দুকধারী হামলাকারীরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন বা আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার বিদেশিই কর্মকর্তাদের ব্যবহার করা একটি অতিথিশালায় ঢুকে পড়ে। সংস্থাটিতে কাজ করেন, ইটালিয়ান বংশোদ্ভূত একজন নারীসহ নেপালি নাগরিক তিন প্রহরী এ সময় আহত হন। নিহতদের মধ্যে একজন আফগান পুলিশ কর্মকর্তাসহ হামলাকারীদের পাঁচজন রয়েছে।
স্থানীয় সময় বিকেল চারটার দিকে যখন আযান হচ্ছিল, তখনই হঠাত্ করে কাবুল প্রকম্পিত হয় এক বিস্ফোরণের শব্দে। পরে তালেবানদের একজন মুখপাত্র এই আক্রমণের দায়িত্ব শিকার করে বিবিসিকে বলেছে সিআইএ’র প্রশিক্ষকদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। যে এলাকাটিতে এই হামলা চালানো হয় সেখানে বিভিন্ন বিদেশি সাহায্য সংস্থার কার্যালয় অবস্থিত। কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি বলেছেন হামলাটি ছিল বেশ পরিকল্পিত ও সু-সমান্বিত, যার লক্ষ্য ছিল কাবুলের জাতিসংঘ মিশন। চারজন হামলাকারী মূলত আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয় লক্ষ্য করে হামলা শুরু করে। ঐ কার্যালয় একটি বেসরকারি বাড়িতে অবস্থিত। হামলাকারীরা সেখানে ঢুকেই গুলি শুরু করে বলছিলেন আইয়ুব সালাঙ্গি। তবে ঐ কার্যালয়ের সব বিদেশি কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের একটি গাড়ি বহরের ওপর জঙ্গিদের রকেট হামলায় অন্তত ছয় পুলিশ নিহত এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে পেশোয়ারের কাছাকাছি সিন্ধু মহাসড়কে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ভাষ্যমতে, কোহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা (ডিপিও) দিলাওয়ার বাঙ্গাশ পেশোয়ার থেকে গাড়িবহর নিয়ে জেলা শহরে ফিরছিলেন। বহরটি সিন্ধু মহাসড়কের মাত্তানি এলাকার দ্বারা আদমখেল এলাকায় একটি তল্লাশি চৌকির কাছাকাছি পৌঁছামাত্রই জঙ্গিরা আরপিজি রকেটের সাহায্যে বহরটিতে হামলা চালায়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রকেটের আঘাতে বহরের একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে ঘটনাস্থলেই চার পুলিশ নিহত এবং ডিপিএ ও তার গাড়িচালকসহ তিনজন আহত হন। এরপর হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয় যা মধ্যরাতের পর শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। মধ্যরাতের পর পরই পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঁচটি লাশ ও আহত আরো তিনজনকে নিয়ে আসা হয়। মধ্যরাতে ডিপও’র গাড়িবহরে জঙ্গি হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পেশোয়ার পুলিশ। ডিপিও’র হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তারা।