আসাদ পদত্যাগে রাজি হলেই শান্তি সম্মেলনে যোগ দিবে বিরোধীরা

সিরিয়ার প্রধান বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন বলেছে, আগামী মাসে জেনেভায় প্রত্যাশিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তাদের অংশগ্রহণ করার ইচ্ছা আছে। কিন্তু ন্যাশনাল কোয়ালিশনের মুখপাত্র লোউয়ে সাফি জানান, এটা একমাত্রই তখনই হবে যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করতে রাজি হন। এর আগে রাশিয়া বলেছে, সিরিয়া সরকার সম্মেলনে যোগ দেয়ার জন্য ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে। সহিংসতা বন্ধে সমঝোতার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই সম্মেলনটি আয়োজনের চেষ্টা করে গেলেও এখনো সম্মেলনের তারিখ, এজেন্ডা, সময়সূচি এবং অংশগ্রহণকারী চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, উভয়পক্ষের দেয়া পূর্বশর্তের কারণে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান খোঁজার আগের প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন জোটের নেতা মোয়াজ আল খতিব তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে জানা গেছে। নতুন নেতা নির্বাচনের জন্য জোটের সদস্যদের ইস্তানবুলে বৈঠক করারা কথা রয়েছে। খুব শীঘ্রই জোটের নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে। তবে বিদায়ের আগে খতিব সিরিয়া সঙ্কট নিরসনে একটি প্রস্তাব প্রকাশ করেছেন, যেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিরাপদ নির্বাসনের সুযোগ দেয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার তিনি এই প্রস্তাবটি প্রকাশ করেন। তার দেয়া এই প্রস্তাব বিবাদমান বিদ্রোহী পক্ষগুলো মেনে নেবে বলেও দাবি করেন খতিব। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমস ও লেবানন সীমান্তের মাঝে অবস্থিত কুসাইরে আবারো সরকার ও বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীর সমর্থনে হিজবুল্লাহ গেরিলারা গত রবিবার কুসাইর পুনর্দখল করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার বলেছে, সাম্প্রতিক সংঘাতগুলোতে ‘বিপুল সংখ্যক’ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।