ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১১

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় নৌ ব্রিগেডের কমান্ডার কর্নেল জোসে সেনাব্রি জানান, জোলো দ্বীপে এ সংঘর্ষে সাত নৌসেনা নিহত ও নয়জন আহত হয়েছে। বন্দুকযুদ্ধে আবু সায়াফ গ্রুপের চার সদস্যও নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সেনাব্রি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পাটিকুল শহরের কাছে আবু সায়াফ গ্রুপের সদস্যদের উপস্থিতির কথা জানতে পেরে নৌসেনাদের একটি দল ঘটনাস্থলে গেলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। ১৯৯০ দশকে আল কায়েদার অর্থে এ অঞ্চলে আবু সায়াফ গ্রুপের জন্ম। দেশে ভয়াবহ বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য এই সংগঠনকে দায়ী করা হয়।