মৌলবাদ ও সহিংসতার বিরুদ্ধে গড়তে হবে সামাজিক আন্দোলন

সাম্প্রদায়িক মৌলবাদ ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় থেকে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা বলেছেন, এদেশের মানুষ কখনো ধর্মীয় গোঁড়ামিকে সমর্থন করে না। দেশের মানুষ ৫২’র ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। সেই দেশে কোন সাম্প্রদায়িকতা থাকতে পারে না। যারা রাজনীতি করছেন তাদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম, কিন্তু সে দেশপ্রেম হতে হবে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক। ‘সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ও রাজনৈতিক সহিংসতা এবং আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্ট নাগরিকরা এ কথা বলেন। প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের স্মৃতি রক্ষায় গঠিত ‘বজলুর রহমান ফাউন্ডেশন’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেন, ৫২’র ভাষা আন্দোলনের পর ৭১’র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেছি। স্বাধীনতার পর বাংলাদেশ বিশ্বের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেখানে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না। দেশ সেভাবেই এগুচ্ছিল। কিন্তু ৭৫’র পর মৌলবাদ, অগণতান্ত্রিক শক্তি ও সামরিকতন্ত্রের উত্থানে সবকিছু বাধাগ্রস্ত হয়। গণতন্ত্রের সুশাসন না থাকলে, এভাবেই সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ে। কিন্তু এদেশের মানুষ কখনো ধর্মীয় গোঁড়ামি সমর্থন করেনি এবং একটি নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ থাকেনি। এক্ষেত্রে ২০০১ সালের নির্বাচনে লক্ষ্য করা যায়, ওই নির্বাচনে বিএনপি’র সহায়তায় জামায়াতে ইসলামী মাত্র ২ শতাংশের বেশি ভোট পেয়েছিল। কিন্তু এর আগে কখনো এরা ২ শতাংশের বেশি ভোট পায়নি। তিনি বলেন, বর্তমান সরকারের একটি প্রশংসনীয় দিক হলো: তারা হেফাজতে ইসলামের মতো স্বঘোষিত কট্টর ও জঙ্গিবাদী গোষ্ঠিকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। এভাবেই সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। ভালো ও নিরপেক্ষ মানুষ সেজে ঘরে বসে থাকলে চলবে না। যারা এখন নিরপেক্ষ মানুষ সেজে ঘরে বসে আছেন, এক সময় আসবে যখন তারাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। কাজেই এখনই সময় গ্রাম-গঞ্জ থেকে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এদের মোকাবেলা করার। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে অশক্তির বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান বিশিষ্ট এই মানবাধিকারকর্মী। আলোচনায় ‘এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ২০০১ সালের আগে দেশে রাজনৈতিক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা শুরু হয়েছিল। ঠিক আগামী নির্বাচনকে কেন্দ করে গত ডিসেম্বর ও জানুয়ারি থেকে দেশে সংখ্যালঘু নির্যাতন, হরতালের নামে ভাংচুর ও তাণ্ডব চালানো হচ্ছে। ২০০১ সালের নির্বাচনের আগে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তারাই এখন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে হরতাল ডেকে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নির্বাচন তাদের প্রধান লক্ষ্য নয়। তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ হরতালের বিরুদ্ধে। গত ডিসেম্বর থেকে হরতালের নামে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, তা কোনক্রমেই ব্যবসায়ী সমাজ মেনে নিতে পারছে না। কারণ এই হরতাল, তাণ্ডব ও হত্যাযজ্ঞ নির্বাচনের জন্য নয়। এটা করা হচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য। সভাপতির বক্তব্যে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সহিংস রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে সংঘবদ্ধভাবে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণ, জাতি ও গোত্র নির্বিশেষে গ্রাম-গঞ্জের সবাইকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বাউল গান, জারি গান, যাত্রাসহ ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন। অন্যান্যের মধ্যে বত্তব্য রাখেন-চলচিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, কলাম লেখক ড. আরএম দেবনাথ, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কাসেম, টিইউসি নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, নারীনেত্রী শিরীন আখতার প্রমুখ। মূল প্রবন্ধে সোহরাব হাসান বলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে গত ফেব্রুয়ারি থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিভিন্ন স্থানে সহিংস তত্পরতা অব্যাহত রেখেছে। বিচারের বিরোধিতার নামে তারা বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ট্রেন-বাসে আগুন দিয়েছে, বিদ্যুেকন্দ ধ্বংস করেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত করেছে। আধুনিক যুগে সম্প্রদায় বা ধর্মের ভিত্তিতে কোন রাষ্ট্র হতে পারে না।