অব্যবস্থাপনায় বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:২০
অব্যবস্থাপনার কারণে রাজধানী ঢাকা ক্রমশ: বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হচ্ছে। স্বাধীনতার পর বিগত ৪২ বছরেও ঢাকার জন্য কোনো সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা যায়নি। প্রণীত হয়নি যথোপযুক্ত কোনো পরিকল্পনা। এখানে বেশির ভাগ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে মূলত গোষ্ঠী স্বার্থে। সাধারণ মানুষ ও ভবিষ্যত্ প্রজন্মের সুযোগ-সুবিধার কথা একেবারেই চিন্তা করা হয়নি। বিরাজমান পরিস্থিতিতে ঢাকা নগরীকে পরিত্যক্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে অবিলম্বে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সেইসঙ্গে ঢাকা কেন্দ্রিক সকল উন্নয়ন কর্মকাণ্ডকে সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। “পলিটিক্যাল ইকোনমি অফ আরবান স্পেইস ইন ঢাকা সিটি” শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) শনিবার ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। নগর গবেষক ও সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, পরিবেশ—অর্থনীতিবিদ অধ্যাপক ড. নুরুল আমীন, রিহ্যাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফুয়াদ হাসান মল্লিক, সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার, আইজিএস এর পরিচালক ড. রিজওয়ান খায়ের, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. ইশরাত ইসলাম, ড. ফরিদা খানম, অধ্যাপক শায়ের গফুর, ফজলে হায়দার সুমন, এ্যাডভোকেট মনজিল মোরশেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, স্থপতি সাইফুল হক, সাংবাদিক রাশেদ মেহেদী প্রমুখ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আইজিএসের সিনিয়র গবেষণা সহযোগী কাজী নূরমোহাম্মদ হোসাইনুল হক।
মূল বক্তব্যে বলা হয়, ইতিমধ্যেই পৃথিবীর অধিকাংশ মানুষ শহরে বাস করতে শুরু করেছে। বাংলাদেশেও শহরের বাসিন্দা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের ২৬ শতাংশ মানুষ শহরে বসবাস করছে। দেশে জনসংখ্যা বৃদ্ধির গড় হার যেখানে ১ দশমিক ৪ শতাংশ, সেখানে শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার গড়ে ৪ শতাংশ। অন্যদিকে সারাদেশে শহরাঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যার ৪০ ভাগ শতাংশ এককভাবে রাজধানী ঢাকায় বসবাস করছে। এতে বলা হয়, শহর ও শহুরে মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও এসবের যথোপযুক্ত ব্যবস্থাপনা গড়ে উঠছে না। সে কারণে শহরের বাসিন্দাদের জীবন ক্রমশ: ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। একইসঙ্গে অস্বাভাবিক হয়ে উঠছে শহরের পরিবেশ। শহরাঞ্চলের জন্য সমন্বিত ও কার্যকর ব্যাবস্থাপনা গড়ে না উঠার জন্য মূলত বেআইনী রাজনৈতিক প্রভাবকেই দায়ী করা হয়েছে নিবন্ধে।
মাহমুদুর রহমান মান্না বলেন, এদেশে মেধার কোনো অভাব নেই। আমাদের তরুণরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেটারও প্রমাণ দিচ্ছেন। কিন্তু নিজ দেশে নগর ব্যবস্থাপনা থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা, কোথাও মেধার কোনো ব্যবহার নেই, মূল্যায়নও নেই। এখানে চাকরি হয় দলীয় পরিচয়ে এবং টাকার বিনিময়ে। লুটপাটই সবক্ষেত্রের অভিন্ন দৃশ্য। সরকার তথা রাষ্ট্রের এই মৌলিক সমস্যা দূর না হলে যে কোনো বিষয়েই সুপারিশ দিয়ে কোনো লাভ হবে না।
অধ্যাপক ড. নুরুল আমীন বলেন, স্বাধীনতার পর গত ৪২ বছরে দেশে কোনো দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থাপনা গড়ে তোলা যায়নি। সে কারণে সব জায়গায়ই ভঙ্গুর দশা। স্বাধীনতার চেতনার নামে আমরা জাতিকে বিভক্ত করে ফেলেছি। সেটার প্রভাব পড়েছে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে। নগর ব্যবস্থাপনাও তার বাইরে নয়।
অধ্যাপক শায়ের গফুর বলেন, রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র আজ যে অব্যবস্থাপনার চিত্র দেখা যাচ্ছে, এটা তাত্ক্ষণিক কোনো দুর্ঘটনা নয়। দীর্ঘদিনের অপশাসন, অদক্ষতা, দুর্নীতি এবং ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক নীতি-নিয়মের ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
ড. ইশরাত ইসলাম বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলশ্রুতিতে ঢাকা নগরী এখন খুবই নাজুক অবস্থার মধ্যে পড়েছে। এটাকে অবিলম্বে একটি সমন্বিত ও কার্যকর ব্যাবস্থাপনার আওতায় নিয়ে আসা সম্ভব না হলে এটি একসময় বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হবে। তিনি জানান, ঢাকার জন্য প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়িত না হলেও এরইমধ্যে আরেকটি ২০ বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৫-৩৫ মেয়াদের জন্য এই পরিকল্পনা তৈরি করা হবে।
অন্য বক্তারা রাজউকের সমালোচনা করে বলেন, ঢাকার আজকের ঝুঁকিপূর্ণ দশার জন্য রাজউকের কাণ্ডজ্ঞানহীন ভূমিকাই প্রধানত দায়ী। রাজউকের বর্তমান দৃষ্টিভঙ্গি দিয়ে ঢাকাকে রক্ষা করা যাবে না। রাজউককে একটি যথাযথ ও কার্যকর রেগুলেটরি বডি হিসাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এর মাধ্যমে নাগরিকদের প্রতি সুবিচার নিশ্চিত করতে হবে। তা না হলে রাজউকের মতো ১০০টি প্রতিষ্ঠান তৈফর করেও কোনো সুফল পাওয়া যাবে না।