সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত উদ্ভট
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:২১
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, অতীতের মতো যদি আবারও কেউ গণতান্ত্রিক সরকার উত্খাতের ষড়যন্ত্র করে তবে তাদের কঠোরহস্তে দমন করতে হবে। কৌশলগত কারণে আমাদের কিছু ভুলের জন্য সাময়িকভাবে গণজাগরণ মঞ্চ বন্ধ করতে হয়েছে।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে ‘স্থিতিশীল গণতন্ত্র ও শান্তিপূর্ণ স্বদেশের জন্য আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ প্রয়াস চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৫ মে’র আগে প্রধানমন্ত্রী, বিরোধী দলকে আন্তরিকভাবে আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা সংলাপের পথে না এসে সংঘাতের পথে গিয়ে সরকার পতন করতে চেয়েছিল। বিরোধী দল একদিকে সংলাপের কথা বলছে, অপরদিকে হরতাল দিয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বলছেন, সরকার নাকি তারেক রহমান ও জিয়া পরিবারকে সাপ দেখার মতো ভয় পায়। আসলে আমরা তারেক জিয়া ও গিয়াস উদ্দিন আল মামুনের মত মানুষের দুর্নীতি, হাজার কোটি টাকা বিদেশে পাচার, বিএনপি আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এমন সব মানুষদের ভয় পাই।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, হেফাজতের আন্দোলন ছিল ধর্মভিত্তিক রাজনীতি পুনঃস্থাপনের চেষ্টা। তাদের ১৩ দফা দাবিকে ইসলামিক বলা হলেও আসলে তা হলো রাজনৈতিক। হেফাজতের দাবিগুলোর মধ্যে সবচেয়ে আপত্তিকর হচ্ছে ব্লাসফেমি আইন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করা সরকারের আরেকটি উদ্ভট সিদ্ধান্ত।
সাম্প্রদায়িকতা জঙ্গিবাদবিরোধী মঞ্চের সভাপতি অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল এমপি, সিপিবি’র উপদেষ্টা মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, জাসদের নাজমুল হক প্রধান, খেলাঘরের ডা. লেনিন চৌধুরী, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের ডা. আফজাল হোসেন প্রমুখ।