ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:২২
সামপ্রদায়িকতা ও মৌলবাদ নিয়ে দেশে মুক্তিযুদ্ধ চেতনার প্রতিফলন সম্ভব নয়। তাই সামপ্রদায়িকতা মৌলবাদ প্রতিহত করার অঙ্গীকার করা হয়। এ লক্ষ্যে গণতন্ত্র বিকাশের সংগ্রামে সংগঠনের শক্তি সংহত করারও তাগিদ দেয়া হয়। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার সমাপনী অনুষ্ঠিত অনুষ্ঠানে এ অঙ্গীকার করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়েশা খানম।
আয়েশা খানম বলেন, বাংলাদেশ সকল ধর্মের ও বর্ণের মানুষের জন্য অসামপ্রদায়িক দেশ। যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্ষমতা কুক্ষিগত করে, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সকল প্রগতিশীল শক্তিকে রুখে দাঁড়াতে হবে। নারীর বিরুদ্ধে যে অমানবিকতা ও মৌলবাদ বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করার মধ্য দিয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী আন্দোলনের যে অর্জন তা ধরে রাখার জন্য, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি বাধা। এই বাধা দূর করার জন্য আমাদের অসামপ্রদায়িকতার চর্চা করতে হবে। সভায় ৫৫টি জেলা শাখার প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দসহ তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন ইসলাম।