ক্রীড়াবিদদের জন্য সতর্কবাণী

বিদেশের অনেক ক্রীড়াবিদ তাদের শারীরিক যোগ্যতা বা নৈপুণ্য বাড়াতে এক ধরনের মারাত্মক ক্ষতিকর ওষুধ সেবন করছে বলে বিশেষজ্ঞগণ নিশ্চিত হয়েছেন। এ ধরনের নৈপুণ্য বর্ধক ওষুধ সেবনে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। মূলত: অন্যতম ব্রিটিশ ওষুধ কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন জিডব্লিউ ৫০১৫১৬ নামের ওষুধটি রক্তের ভালো কোলেস্টেরল এইচডিএল (হাই ডেনসিটি লাইপো প্রোটিন) বাড়ানোর জন্য তৈরির উদ্যোগ নেয়। কিন্তু এনিমেলের ওপর গবেষণা চালিয়ে দেখা যায় এটা এনিমেলের (মাইস ও র্যাট) জন্য মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করেছে। কোম্পানিটি ২০০৬ সালে ওষুধটির সব ধরনের ট্রায়াল বন্ধ করে দেয়। কিন্তু হেলথ কানাডা জানিয়েছে, এই মারাত্মক ক্ষতিকর ওষুধটি অনলাইনে বিক্রয় হচ্ছে এবং বিশেষ করে এথলেটগণ তাদের শক্তি বাড়াতে এ ধরনের ক্ষতিকর ওষুধ সেবনের দিকে ঝুঁকে পড়ছে। এই ওষুধটি ওয়ার্ল্ড এন্টি ড্রাগ এজেন্সির নিষিদ্ধের তালিকাতে আছে। মন্ট্রিল বেজড এই এজেন্সিটি ইতিমধ্যে বেশ কয়েকজন এথলেটসের রক্তে উক্ত ক্ষতির উপাদান নিশ্চিত করেছেন। এদিকে গত শুক্রবার হেলথ কানাডা ও গ্লাক্সোস্মিথক্লাইন যৌথভাবে উক্ত শক্তি বর্ধক ওষুধটির মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উল্লেখ করে এটা সেবন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গ্লাক্সো জানিয়েছে জিডব্লিউ ৫০১৫১৬-এর অনুরূপ ড্রাগ কানাডায় অনলাইনে পাওয়া যাচ্ছে। অথচ তারা এ ধরনের ওষুধ উত্পাদন করেনি এবং তাদের ক্লিনিক্যাল ট্রায়াল অনেক আগেই বন্ধ করে দেয়া হয়েছে।