অংশগ্রহণমূলক জেলা বাজেটের দাবি

অংশগ্রহণমূলক জেলা বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে বাজেট বিষয়ক নাগরিক মোর্চা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ করে জেলা বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে অনুত্পাদনশীল খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উত্পাদনশীল খাতে অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট প্রণয়ন করতে হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক মোর্চার অন্যতম সদস্য সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র চেয়ারপার্সন মুস্তাফিজুর রহমান খান। মোর্চার পক্ষে লিখিত দাবিনামা পাঠ করেন চেয়ারপার্সন শামসুন্নাহার আজিজ লীনা। দাবিগুলোর মধ্যে রয়েছে, জনগণের নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে সকল রাজনৈতিক এবং নাগরিক প্রতিনিধির সমন্বয়ে জেলা, উপজেলা, পৌর/ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং-এর জন্য কমিটি গঠন, জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজনীয় আইনী সংশোধন ও কাঠামোগত সংস্কার সাধন, বাজেটে জনঅংশগ্রহণ নিশ্চিত করার জন্য খসড়া কমপক্ষে তিন মাস পূর্বে জনগণের জন্য উন্মুক্ত করা; জনঅংশগ্রহনের ভিত্তিতে কৃষকবান্ধব কৃষিনীতি প্রনয়ণ, কৃষকদের জন্য শস্যবীমা করা, খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করা, প্রতি ইউনিয়নে একটি শস্য ব্যাংক স্থাপন করা এবং প্রতি জেলা ও উপজেলায় কোল্ড স্টোরেজ স্থাপন করা, শ্রমনীতি চূড়ান্ত করে তা দ্রুত বাস্তবায়ন করা ইত্যাদি।