ট্রেন দু’টি আবার চালু করা হোক
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:২৯
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন থেকে লালমনিরহাট-সান্তাহার রুটে ৪৮১ আপ লোকাল ট্রেনটি চলাচল করত। স্বল্পআয়ের মানুষের জন্য ট্রেনটি ছিল যাতায়াতের অন্যতম সুলভ বাহন। স্বল্প বেতনের চাকরিজীবী মানুষ এই ট্রেনে চড়ে চাকরিস্থলে যাতায়াত করত। শিক্ষার্থীদের জন্যও ছিল সুলভ বাহন। কিন্তু ট্রেনটি দীর্ঘদিন থেকে বন্ধ। ফলে এসব মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে। অন্য মাধ্যমে যাতায়াতে অনেক টাকা খরচ হচ্ছে, সাথে সময়ের অপচয় হচ্ছে। তাই এই ট্রেনে নিয়মিত যাত্রীদের বর্তমানে মাসিক অর্থ ব্যয়ের সাথে সময়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বোনারপাড়া-দিনাজপুরগামী ৮৪২ (রামসাগর এক্সপ্রেস) ট্রেনটিও বন্ধ থাকায় একই সমস্যায় পড়তে হচ্ছে এই রুটে যাতায়াতকারী যাত্রীদের। কর্তৃপক্ষের নিকট আবেদন- ট্রেন দু’টি শিগগিরই চালু করা হোক।
কংকন কুমার সরকার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা