সেরা স্কুলের তালিকা নিয়ে বিভ্রান্তি

গত ৯ মে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্টে প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮৯% যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তুলনামূলক পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যাও বেড়েছে। সামগ্রিকভাবে বলা হচ্ছে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে। এটা অবশ্যই আশার সঞ্চার করেছে। পাশাপাশি সেরা স্কুলের তালিকা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কী মানদণ্ডের ভিত্তিতে সেরা স্কুল বাছাই করা হচ্ছে—শুধু কি শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাধিক্যের কারণে নাকি অন্য বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে? এখানে বলা বাহুল্য যে, বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীরা যত বেশি নাম্বার পায়। মানবিক বিভাগে তার চেয়ে কম পায়, আবার বাণিজ্য বিভাগে আরো কম পায়। গ্রেডিং সিস্টেম চালু হওয়ার আগেও এইচএসসি-তে ভর্তির প্রাক যোগ্যতা হিসেবে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের যেখানে প্রথম বিভাগ চাওয়া হতো, মানবিক বিভাগের জন্য সেখানে চাওয়া হতো দ্বিতীয় বিভাগ। মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগ পাওয়া অত সহজ নয় বলে। সুতরাং বিজ্ঞান বিভাগকে ফ্যাক্টর ১ ধরলে মানবিক বিভাগকে ১.২ এবং বাণিজ্য বিভাগকে ১.৪ ধরতে হবে। অন্যদিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা, পাসের হার ইত্যাদিকে ওয়েটেড এভারেজ ভিত্তিতে ক্যালকুলেট করে তারপর সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত স্কুলগুলোকে ক্রমানুসারে তালিকা করে সেরা স্কুলের তালিকা করতে হবে। অন্যথায় সেরা স্কুলের তালিকা নিয়ে বিভ্রান্তি থেকেই যাবে। শুধু রাজধানীর গুটি কয়েক স্কুল সেরা স্কুল আর অন্যরা নিম্নমানের এ ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলতে থাকবে। তাই জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৫, জিপিএ ৪ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা –৪, শুধু পাস জিপিএ-৩.৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৩.৫—এ তিনটির সমষ্টিকে পাসের হার দিয়ে গুণ এবং বিভাগের ফ্যাক্টর বিজ্ঞান হলে ১, মানবিক হলে ১.২ ও বাণিজ্য হলে ১.৪ দিয়ে গুণ করে সর্বমোট সমষ্টিগত যা মান হবে তা-ই সেরা স্কুল নির্ধারণী পয়েন্ট। মো. কামরুজ্জামান, ১১ দক্ষিণ মুগদাপাড়া, ৭নং গলি, ঢাকা ১২১৪