[ রা জ নী তি ]

সংলাপ-সমঝোতার জন্য গণতান্ত্রিক পরিবেশ জরুরি

নির্বাচনকালীন সরকার প্রশ্নে দেশে চলমান রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা কাটাতে সংলাপের প্রয়োজনীয়তার কথা অনেকদিন ধরেই আলোচিত হচ্ছে। সরকারের মেয়াদ ক্রমেই শেষ হয়ে আসছে; অথচ সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে সংলাপই হয়নি এখনো। এক পা এগিয়ে তো দুই পা পিছিয়ে—এই হলো অবস্থা। তাই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে জাতি এখনও অন্ধকারে। তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী—কোন সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার প্রধান কে থাকবেন—এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। এমন দোলাচালে নির্বাচনমুখী যাত্রা চলছে বাংলাদেশে। বিরোধী দলকে দমন করতে সরকারের বল প্রয়োগ নীতি, নির্বাচন প্রশ্নে জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়ন-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও বিরোধী দলের হরতালের কর্মসূচিতে অটল থাকা নিয়ে রাজনীতির আকাশে আবারও কালোমেঘের ছায়া দেখা দিয়েছে। পরিস্থিতি উদ্বিগ্ন করে তুলছে সুশীল সমাজসহ সচেতন জনগোষ্ঠীকে। বিরোধী দলকে মোকাবিলায় সরকারের একরোখা মারমুখী ভূমিকা, মানবাধিকার পরিস্থিতির অবনতি, সাভার ট্র্যাজেডি আর হেফাজতে ইসলামের উত্থানে রক্তক্ষয়ী পদক্ষেপ নির্বাচন নিয়ে অনিশ্চয়তাকে যখন আরও গভীর করে তুলে, ঠিক তখনই বিদেশি কূটনীতিকদের তত্পরতায় জাতিসংঘের অংশগ্রহণ কিছুটা হলেও নতুন আশার সঞ্চার করেছিল। সংকট নিয়ে আলোচনার উদ্যোগ নিয়ে সর্বশেষ ২৬ মে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের ঢাকায় আসার কথা। যদিও রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে একের পর এক আন্তর্জাতিক হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা জাতির জন্য লজ্জাজনক ও গ্লানিকর বৈ কিছু নয়। তারপরও আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে কাজ হলেও সান্ত্বনা ও স্বস্তি খুঁজে পেত দেশবাসী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশি-বিদেশি কূটনীতিকদের কয়েক দফা উদ্যোগ ও তত্পরতা এখন পর্যন্ত কাজে লাগেনি। এর আগে মে’র প্রথম সপ্তাহে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজের সফরের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছিল। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে আলোচনা ও বৈঠক শেষে তিনি দুই পক্ষকে সংলাপে বসার যে আহ্বান জানিয়েছেন, তাতে বাংলাদেশের মানুষের মনের কথাই প্রতিধ্বনিত হয়েছে। তার আহবানে সংলাপে বসতে সম্মত হয়েছিল বড় দুইটি দল—আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু সরকারি দলের অন্যান্য নেতার মুখ থেকে দুই-একদিন পরই শোনা যায় ভিন্ন কথা। তারা বলছেন, সংবিধান নির্দেশিত পথেই নির্বাচন হবে। কথা হচ্ছে, সংবিধান নির্দেশিত পথেই যদি নির্বাচন হতে হয়, তাহলে আর সংলাপের প্রয়োজন কী? তবে সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে, তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী—এ বিতর্কের চেয়ে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন এটাই এখন সমস্যার জট পাকিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনকালীন সরকারের রূপরেখা যাই হোক, এর প্রধান হিসেবে শেখ হাসিনা, রাষ্ট্রপতি অথবা স্পিকারকে কোনভাবেই মেনে নেবে না। অন্যদিকে সরকারি দলও এক ধাপ এগিয়ে এই সরকারের প্রধানের দায়িত্ব শেখ হাসিনা ছাড়া অন্য কারও ওপর ন্যস্ত করতে চাচ্ছে না। অর্থাত্ এটা স্পষ্ট যে, বিবদমান দুই পক্ষই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার চেয়ে নির্বাচনে তাদের বিজয়কেই প্রাধান্য দিচ্ছে। তাদের আচরণে মনে হচ্ছে গণতন্ত্র কোথায় যাবে যাক, নির্বাচনে জেতার মতো পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। অনেকের মতে ২০০১ সালের স্মৃতি হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যে কারণে তিনি অন্য কারও হাতে দেশের শাসনভার ছেড়ে দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন না। ওই বছর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি লতিফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা মাত্রই দেশের পুরো চেহারা পাল্টে গিয়েছিল। লতিফুর রহমান ক্ষমতা নিয়েই ১৩ সচিবসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এমনভাবে বদলি করেছিলেন যে, পরিস্থিতি আওয়ামী লীগের প্রতিকূলে চলে যায়। এ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই হয়তো শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে নির্বাচন করতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে এবং এর প্রধান কে হবেন—সেটা আসলে দুই পক্ষকে বসেই সমাধান করতে হবে, এক্ষেত্রে বাইরের কারও কিছু করার নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংলাপ ও সমঝোতা হচ্ছে যে কোনো সংকট উত্তরণের শান্তিপূর্ণ উপায় এবং উদারতা হলো একটি অপরিহার্য সংস্কৃতি। চলমান সংঘাতময় পরিস্থিতিতে আলাপ-আলোচনা, সংলাপ ও সমঝোতার জন্য সরকারকে বিরোধী দলের আস্থা অর্জন অর্থাত্ দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ, সংলাপের জন্য সত্যিকারের আলোচনাবান্ধব ও সহনীয় পরিবেশ বলতে যা বুঝায় তা নেই দেশে। মামলা, হামলা, পুলিশি অভিযান, গ্রেফতার আতংক, চারদিকে ধরপাকড়ের কারণে ঘরছাড়া বিরোধী দলের নেতাকর্মীরা। এখন আবার রাজধানীতে মিছিল-সমাবেশ বন্ধ রেখেছে সরকার, যা গণতান্ত্রিক রীতি-নীতি বিচ্যুত। এভাবে রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার চর্চার গণতান্ত্রিক পথগুলো বন্ধ করে দিলে অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দিন দিন প্রকটতর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আরেকটি বিষয় হলো, সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপি সাংগঠনিকভাবে এতটাই দুর্বল ও নাজুক অবস্থায় রয়েছে যে, সরকারের মধ্যে এখন ধারণা হয়েছে এরা নির্বাচন ঠেকাতে পারবে না এবং প্রধান বিরোধী দল এখন পর্যন্ত সরকারের ভিত কাঁপিয়ে তোলার মতো জোরালো কোনো আন্দোলন গড়ে তুলতে না পারায় দেশের সচেতন মহলেরও একই ধারণা। এজন্য সংলাপের বদলে ভবিষ্যতে বিরোধী মতের ওপর সরকারের দমন-পীড়ন নীতি অব্যাহত থাকতে পারে বলে দৃশ্যত প্রতীয়মান হচ্ছে। যার সত্যতা মিললো সংলাপ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি আহবানের মধ্যে ১৫ মে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু গ্রেফতার ও ১৬ মে সালাউদ্দিন আহমেদকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের ঘটনায়। আবার সংলাপ আহবানের পরদিনই হরতাল (২৬ মে) ঘোষণা করা কোনোভাবেই চলমান সংকট নিরসনে বিরোধী দলের দায়িত্বশীলতা ও আন্তরিকতার পরিচয় বহন করে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতা কুক্ষিগত করার জন্য উভয়পক্ষেরই বেছে নেয়া এ ধরনের হিংসাত্মক পন্থা অপ্রত্যাশিত এবং দীর্ঘমেয়াদে দেশের জন্য তা কুফল বয়ে আনবে। খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভারের মতে ‘রাষ্ট্রকে তার লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগের হাত থেকে মুক্ত হতে হবে। কোনো সরকারের ক্ষেত্রে এটাই হলো জাতীয় ঐক্য অর্জনের পথে প্রধানতম প্রতিবন্ধক। রাষ্ট্রের উপর প্রয়োজনবশত যে শক্তি প্রয়োগের ক্ষমতা ন্যস্ত হয়েছে তা-ই তার মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছে। স্বাধীনতার সার্থক প্রয়োগ নিশ্চিত করার বদলে তা বল প্রয়োগ দমনের এক অস্ত্রে পরিণত হয়েছে। তাই তা সমঝোতা বা ঐক্যের রক্ষাকবচ না হয়ে বিচ্ছিন্নতার এক তরবারি হয়ে পড়েছে। রাষ্ট্রের মধ্যে বল প্রয়োগ অবশেষে হয়েছে গণশাসনের সর্বশেষ অভিভাবক।’ আমাদের দেশেও শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে গণতান্ত্রিক চেতনা ও দৃষ্টিসম্পন্ন হতে হবে, যাতে দেশে সংলাপ ও সমঝোতার অনুকূল পরিবেশ গড়ে ওঠে। সকলেই যাতে স্বাধীনভাবে নিজ নিজ মতাদর্শ প্রচার করতে পারে এবং ইচ্ছানুযায়ী যে কোনো আদর্শকে সমর্থন করতে পারে এমন পরিবেশও প্রয়োজন। সরকার ও বিরোধী দলের মধ্যে পরমতসহিষ্ণুতা ও সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ (Feeling of fraternity) থাকা বাঞ্ছনীয়। সমাজবিজ্ঞানী গিটিংস এটাকে ‘Consciousness of kind’ বলে আখ্যায়িত করেছেন। ‘বিরোধী দলের কাজ হচ্ছে কেবল বিরোধিতা করা’— এ নীতি থেকে সরে এসে বিরোধী দলকে শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করতে আন্তরিক হতে হবে। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ব্রিটেন গণতান্ত্রিক সরকারে বিরোধী দল এক বিশেষ মর্যাদায় আসীন। ব্রিটেনে বিরোধী দলকে ‘রাজা বা রাণীর বিরোধী দল’ বলে আখ্যায়িত করা হয়। তাই সংলাপের পরিবেশ তৈরি করতে এ মুহূর্তে সরকারের উচিত হবে বিরোধী দলের ওপর দমন-পীড়ন নীতি পরিহার করে বিরোধী দলের আটককৃত নেতাকর্মীদের ছেড়ে দেয়া। প্রধানমন্ত্রী যেহেতু আগেই সংলাপের প্রস্তাব দিয়ে রেখেছেন, এখন তা শুরু করার কার্যকর উদ্যোগও সরকারি দলকেই নিতে হবে। বিরোধী দলের উচিত হবে সরকারি দলের এ ধরনের যে কোনো উদ্যোগে সাড়া দিয়ে আলোচনায় বসা। দুই পক্ষকেই এক্ষেত্রে খোলা মন নিয়ে বসতে হবে। তবেই সংলাপ অর্থবহ হবে, আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ বের হয়ে আসবে। অন্যথায় সরকারের মেয়াদ ফুরিয়ে আসা ও দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেলে দেশে অচিরেই সর্বগ্রাসী সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে প্রবল শঙ্কা দেখা দিয়েছে। অন্তত বিরাজমান উত্তেজনা, রাজপথে সহিংসতা ও তীব্র অস্থিতিশীলতা— এসব সেই সংকেত দিচ্ছে। এমতাবস্থায় সকলেরই প্রত্যাশা, দেশ ও জনগণের কথা চিন্তা করে হিংস্র রাজনীতির খড়গ ও ঘৃণ্য রাজনীতির নোংরা খেলা থেকে রাজনীতিকরা মুক্ত হবেন। তা না হলে সামনের দিনগুলোতে জাতিকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। লেখক: সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়