কে হচ্ছেন কেসিসির অষ্টম নগর পিতা?

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভোটাররা অষ্টম নগরপিতাকে খুঁজছেন। কে হচ্ছেন অষ্টম নগরপিতা। আওয়ামী লীগ নেতা ও সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির পদ থেকে সদ্য পদত্যাগী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের ব্যানারে মাঠে নামা মনিরুজ্জামান মনি—এ দুইজনের মাঝে কাকে বেছে নেবেন নগরবাসী। দিন যতই যাচ্ছে নগরবাসীর মধ্যে এ নিয়ে নানান প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনি চুলচেরা বিশ্লে¬ষণও শুরু হয়েছে। খুলনা সিটি প্রতিষ্ঠার পর নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত দুইভাবে সাতজন নগরপিতা বা মেয়র পেয়েছেন শিল্পনগরীখ্যাত খুলনাবাসী। ১৯৮৪ সালে খুলনা পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হয়। এরপর ১৯৮৮ সালে প্রথম মনোনীত নগরপিতা পান খুলনা নগরবাসী। ২৯ বছর বয়সী খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের নির্বাচনী হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। চায়ের স্টল থেকে শুরু করে সবখানে নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থী-দের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে ২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও মনোনয়নপত্র দাখিলের পর থেকেই প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী মাঠে। ৮ম মেয়র হিসেবে যিনি আগামীদিনে খুলনা মহানগরীর সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে সঠিক নেতৃত্ব দিতে পারবেন এমন ব্যক্তিকেই চাইছেন নাগরিকরা। যিনি থাকবেন এলাকার উন্নয়নে নিবেদিত। নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন এমন একজনকেই হয়তো ভোটের মাধ্যমে নগরের দায়িত্ব দেবেন তারা। হারুন অর রশিদ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নগরের এক বাসিন্দা (৫৫) জানালেন, এমন একজনকে ভোট দেব যিনি নগরবাসীর সুখ ও দুঃখে সব সময় পাশে থাকবেন। দলমত বুঝি না। বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুলহাস করিম বললেন, যে নগরীর উন্নয়ন নিয়ে ভাববে তাকেই ভোট দেব। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে। ১৯৮৮ সালের ২৩ আগস্ট প্রথম মেয়র হিসাবে মনোনীত হয়ে দায়িত্ব পান কাজী আমিনুল হক (বর্তমানে খুলনা চেম্বারের সভাপতি)। তিনি দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর খুলনার তত্কালীন বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করেন এক বছর। পরে ১৯৯৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি নেতা শেখ তৈয়বুর রহমান তিন মেয়াদে নগরপিতা ছিলেন। বিএনপির এই নেতা একটানা মোট ১৬ বছর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে মেয়রের দায়িত্ব পান প্যানেল মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনি। আর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ৭ম নগরপিতা নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুুল খালেক। উল্লেখ্য, একমাত্র মনিরুজ্জামান মনি ছাড়া বাকি মেয়রদের সবারই বাড়ি বাগেরহাটে। বাগেরহাট ও বস্তিবাসীদের ভোট খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৮টি বস্তি এবং বাগেরহাটবাসীর (যারা খুলনা শহরে বসবাস করেন) ভোট মেয়র প্রার্থীদের জয়-পরাজয়ের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ খুলনা সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এর মধ্যে শতকরা ১৪ থেকে ১৫ ভাগ ভোটারই বস্তিবাসী। আর খুলনায় বসবাসকারী বাগেরহাটের ভোটারের সংখ্যা শতকরা ৫/৭ ভাগ হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনায় বসবাসকারী বাগেরহাটের একজন অধিবাসী জানালেন, বাগেরহাটের ভোট এবার ভাগাভাগি হয়ে যাবে। কারণ হিসাবে তিনি সাবেক মেয়রের ‘ইমেজ সংকটের’ কথা উল্লেখ করেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির ইমেজ তুলনামূলকভাবে ভালো। ওয়ান ইলেভেনের সময় তিনি ৬ মাস কেসিসি’র মেয়রের দায়িত্বে ছিলেন। তখন তার বিরুদ্ধে তেমন কোন গুরুতর অভিযোগের কথা শোনা যায়নি। গত নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসাবে মেয়র পদে নির্বাচন করেন। প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে তালুকদার খালেকের কাছে পরাজিত হয়েছিলেন। এবার কাকে নগরবাসী তাদের ‘নগরপিতা’ হিসাবে বেছে নেন সেটাই এখন দেখার বিষয়।