সরকার ক্ষমতায় আঁকড়ে থাকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত:জামায়াত
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৩৬
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, সরকার ক্ষমতায় আঁকড়ে থাকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সেই সাধ পূরণ হবে না। সরকার অযথা সময়ক্ষেপণ করার উদ্দেশ্যে সংলাপের কথা বলছে। গণগ্রেফতার ও গণনির্যাতন চালিয়ে সরকার দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত থাকবে।
বিবৃতিতে তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্র ও সংলাপের কথা বলে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করে সংলাপের পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে পরিবেশ আরো জটিল করছে। সরকারি দলের নেতাদের এ ধরনের অবাঞ্ছিত, অন্যায় ও অসংগত, অসহিষ্ণু বক্তব্যের কারণেই ১৮ দল হরতাল কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করে এক দলীয় সরকার কায়েম করতে চায়। তিনি আরো বলেন, এ জালেম সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের কোন মুক্তি নেই।