কক্সবাজারের সড়ক গুলো সামান্য বৃষ্টিতেই সয়লাব
আহমেদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৩৯
সামান্য বৃষ্টিতেই কাদা ও আবর্জনায় সয়লাব হয়ে গেছে কক্সবাজার শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। একাকার হয়ে গেছে সড়ক ও নালা। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া মুষলধারের বৃষ্টিপাতে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, বর্ষণের কারণে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়, বাজারঘাটা, আলিরজাঁহাল, বড়বাজারসহ বেশ কয়েকটি এলাকায় কাদা ও ময়লা-আবর্জনায় সড়ক ও নালা একাকার হয়ে গেছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ জানান, জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বার বার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
শহরের ফুলবাগ সড়কের বাসিন্দা শামীম আহমদ জানান, বর্ষা শুরু হলেই কক্সবাজার ‘কষ্টের বাজারে’ পরিণত হয়। এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ বলেন, আমরা বসে নেই। শুক্রবারেও শ্রমিক দিয়ে নালা-নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। তিনি মনে করেন, পাহাড়ের মাটি কাটা বন্ধ হলেই পরিস্থিতির উন্নতি হবে।