‘ঘর মেরামত করাতে অফিসে গেলে বাবু আজ কাল বলছে’
কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪০
‘মাটির দেয়াল ও ছনের ছানির ঘরটা তুফানে ভেঙ্গে দিল। ঘর মেরামত করাতে অফিসে গেলে বাবু আজ কাল বলছে। এখন তো থাকতে হইবো। স্বামী ও সন্তান নিয়ে চল্লিশ দিনের মতো হয়ে গেল উঠোনের ঝুপড়ি ঘরে দিন কাটাইছি।’ কথাগুলো বলছিলেন কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স আলীনগর চা-বাগানের মহিলা শ্রমিক মালা বাগতি। মঙ্গলবার আলীনগর চা-বাগানের ১১ নম্বর সেকশন ঘুরে দেখা যায়, পাশাপাশি ৮টি শ্রমিকের বসতঘরের শোচনীয় অবস্থা। পরিবার ও সন্তানাদি নিয়ে কেউ কেউ ভেঙ্গে পড়া ঘরের কোণে রাত কাটাচ্ছেন, আবার কেউ কেউ পাশের ঘরে শুধু রাতের জন্য আশ্রয় নিচ্ছেন। চা শ্রমিক পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানাদি নিয়ে ৭/৮ জনের পরিবারের মধ্যে চা-বাগানে মাত্র কাজ করেন একজন। মূলত ওই একজন শ্রমিকের দৈনিক মজুরি দিয়েই চলে তাদের সংসার। চা শ্রমিক শিব শংকর বৈদ্য, সাধু নায়েক বলেন, ‘দাদা চা-বাগানে আমরা এতোই দুর্ভোগে আছি। এক ঘরে গরু-বাছুর নিয়ে ও বৃষ্টির পানিতে ভিজে বসবাস করতে হচ্ছে। ঘর মেরামত করার কথা অফিসে জানালে শুধু তারিখ হয়।’ চা-বাগানের শ্রমিকরা বলেন, চা শ্রমিক পরিবারের ঘর মেরামত করে দেয়ার দায়িত্ব রয়েছে ম্যানেজমেন্টের। চা-বাগান ম্যানেজমেন্ট এসব ভেঙ্গে পড়া ঘরের ছবি তুলে নিয়েছে। কিন্তু ঘর মেরামত করে দিতে এখনও তাদের কাছ থেকে কোন সাহায্য পাওয়া যাচ্ছে না।