সোনাতলার রেডিও মেকারের দুর্বিষহ জীবন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪২
দিনদিন মোবাইল সেট ব্যবহারের প্রচলন বাড়ায় কমেছে রেডিও, ঘড়ি ও টর্চলাইটের ব্যবহার। ফলে রেডিও, ঘড়ি মেকারদের যেমন কদর কমেছে, তেমনি আশঙ্কাজনক ভাবে আয় কমেছে তাদের। ফলে উপার্জন কমেছে বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের অসহায় দরিদ্র রেডিও মেকার সাহিদুল ইসলামের (৪০)। তার বাবা মৃত আব্দুল জব্বারও ছিলেন একজন দক্ষ মেকানিক। বাবার মৃত্যুর পর সাহিদুল ইসলাম সোনাতলা রেল স্টেশনের পূর্ব পাশে অন্যের জায়গায় বাবার রেখে যাওয়া ছোট্ট একটি দোকান ঘরে বসে প্রায় ১৮ বছর ধরে দক্ষতার সাথে রেডিও ও টর্চলাইট মেরামতের কাজ করে আসছে। এসব মেরামতের কাজ করে দৈনিক তিনি ১৫০-২০০ টাকা আয় করতেন। কিন্তু এখন মোবাইল ফোনেই রেডিওসহ অডিও এবং টর্চলাইটের সুবিধা পাওয়ায় কপাল পুড়েছে একমাত্র রেডিওর কাজ জানা সাহিদুলের। এ কারণে এক রকম কর্মহীন হয়ে পড়ে সাহিদুল। কিন্তু সাহিদুল ইসলাম এখনও ধরে রেখেছে তার বাবার শেখানো রেডিও ও টর্চলাইট মেরামতের কাজ। তিনি জানালেন, রেডিও ও টর্চলাইট মেরামতের কাজ করে বর্তমানে দৈনিক তার আয় হয় মাত্র ৩০-৪০ টাকা। কোন কোন দিন কাজ না পেলে একটি টাকাও আয় হয় না। এ কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে অর্ধাহারে ও কতক দিন অনাহারে দিন কাটে।