গার্মেন্টস সেক্টর ধ্বংসের ষড়যন্ত্র করছে বিএনপি
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪২
হেফাজত ইসলাম দিয়ে আওয়ামী সরকারকে উত্খাতের চেষ্টায় ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস সেক্টর ধ্বংসের ষড়যন্ত্র করছে বিএনপি। তারা সব সময় চেয়ার দখলের জন্য লড়াই করে। জনগণের উন্নয়নের জন্য নয়। শুক্রবার রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নরসিংদী জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত “বর্তমান সরকারের সাফল্য ও দিন বদলের সনদঃ ভিশন-২০২১” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রায়পুরা থেকে নির্বাচিত এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এসব কথা বলেন। তিনি আরো বলেন, গরীবের টাকা মেরে কেউ কোনদিন বড় লোক হতে পারে না। তাই হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির টাকা যেন চেয়ারম্যান-মেম্বারদের পকেটে না যায় সেজন্য উপস্থিত সকলকে সজাগ থাকার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া।