রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের দু’সদস্য আটক
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪২
খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম সিংগুলীপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। গত শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়। এরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে নিরাপত্তাবাহিনী নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদা আদায়ের জন্য সিংগুলীপাড়ার একটি বাড়িতে অবস্থানের গোপন সূত্রে খবর পেয়ে গুইমারা সাবজোন কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে রামগড় উপজেলার হাফছড়ির ক্যাজাই মারমার ছেলে সাজাই মারমা (৩৫) ও মাটিরাঙ্গার ধামাইপাড়া গ্রামের সচিন্দ্র লাল ত্রিপুরার ছেলে কিশোর কুমার ত্রিপুরাকে (৩৫) আটক করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে গুইমারা থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।