জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলায় আহত
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান (৪৫) ও তার গাড়িচালক সৈয়দ মিজানকে (২৮) গ্রাম্য বিরোধের জের ধরে রামদা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষ। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সাথে একই ইউনিয়নের গ্রামের সাবেক ইউপি সদস্য সৈয়দ মাখন মিয়ার মধ্যে গ্রাম্য নানান বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে চেয়ারম্যান আবুল হাসান মসজিদে নামাজের জন্য তার ব্যক্তিগত গাড়ি দিয়ে যাওয়ার পথে গ্রামের তহুরা মার্কেটে পৌঁছামাত্র প্রতিপক্ষ সৈয়দ মাখন মিয়ার পুত্র সৈয়দ আফু মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র যুবক চেয়ারম্যান আবুল হাসানকে গাড়ি থেকে নামিয়ে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় চেয়ারম্যানকে বাঁচাতে তার গাড়িচালক সৈয়দ মিজান এগিয়ে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা চেয়ারম্যানের ব্যবহূত গাড়িটিও ভাংচুর করে। খবর পেয়ে চেয়ারম্যান আবুল হাসানের আত্মীয়-স্বজনরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।