দু’বছর জেল খেটে ভারত থেকে ফিরেছে শিশুসহ ৪৭ তরুণী
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৩
ভারতে পাচার হয়ে যাওয়া শিশুসহ ৪৭ বাংলাদেশী তরুণী দীর্ঘ দুই বছর ভারতে কারাভোগের পর শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে । বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে একটি নারী-শিশু পাচারকারী চক্র গত তিন বছর আগে তাদেরকে ভারতে পাচার করে।
ভারতের বোম্বে শহরে যাওয়ার পর সে দেশের পুলিশ এসব যুবতীদের কর্মরত অবস্থায় বিভিন্ন এলাকা থেকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে । আটককৃতদের বোম্বের রেসকিউ ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল জাসটিজ মিশন নামে দুটি স্বেচ্ছাসেবক সংগঠন জেল থেকে মুক্ত করে তাদের মহিলা শেল্টার হোমে আশ্রয় দেয়।
বাংলাদেশের মানবাধিকার সংগঠন “রাইটস যশোর” উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালির পর তাদের দেশে ফিরিয়ে আনার অনুমতি পায়। শুক্রবার রাত ৮টার দিকে ভারতীয় স্বেচ্ছাসেবক সংগঠনের সহযোগিতায় সে দেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্নের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফেরত আসা তরুণীদের বাড়ি নড়াইল, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় । বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রাইটস যশোরের হাতে ২ জন শিশুসহ ৪৭জন তরুণীকে তুলে দেয়।