গাংনীর আম বাগানে অ্যানথ্রাক্স ন্যুজ রোগ
গাংনী (মেহেরপুর ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৯
মেহেরপুরের গাংনী উপজেলার চিত্লা গ্রামের মানিকচরা মাঠের প্রায় ২০টি আমবাগানের সমস্ত আম নষ্ট হয়ে গেছে। অ্যানথ্রাক্স ন্যুজ রোগ ও ইটভাটার কালো ধোঁয়ার কারণে এ রোগের সৃষ্টি হয়েছে বলে গাংনী উপজেলা কৃষি অফিস জানিয়েছে।
বাগান মালিক আবুছদ্দিন জানান, এ মাঠে আমার ২ বিঘা জমিতে ৩০টি হিমসাগর আমের গাছ রয়েছে। হপার পোকার আক্রমণ থেকে আম বাঁচাতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়েছে। হঠাত্ করে গাছের সমস্ত আমের নিচের অংশ পচে যাচ্ছে। আর উপরের অংশ শক্ত হয়ে গেছে। তিনি জানান, প্রতিটি গাছেরই সকল আমের একই অবস্থা। বাগান মালিক আয়ূব আলী মাষ্টার, ইউসুব আলীও একই কথা জানালেন। তারা বলেন, এই মাঠের আমবাগান এলাকাগুলোতে অনুমোদনবিহীন ৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটাগুলোর কালো ধোঁয়ার কারণে আম বাগানের সমস্ত আম পচে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আম ব্যবসায়ী নাজিরুল ইসলাম জানান, এ মাঠে প্রায় ২০টি আমবাগান প্রায় ৩ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। ধারণা করা হয়েছিল প্রায় ৫ লাখ টাকার আম বিক্রি হবে। আম বাগানের সকল আম পচে যাওয়ায় এখন চোখে অন্ধকার দেখছি। প্রায় ১০ লাখ টাকার আম পচে গেছে বলে জানান আম ব্যবসায়ী নাজিরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত আমবাগানের মালিকরা জানান, ফসলি জমি ফলজ বাগানের আশে-পাশে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলেও প্রশাসন কোন ব্যবস্থা নেননি। ইটভাটার কালো ধোঁয়ার কারণেই আমাদের বিপুল পরিমাণ লোকসান গুণতে হচ্ছে। গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন জানান, ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে এ রোগটি দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যভিস্টিন ডাইমেন এম-৪৫ অথবা ক্যাবরিওটপ কিটনাশক ফল বড় হওয়ার পর ১০-১৫ দিন পর পর স্প্রে করলে ভাল ফল পাওয়া যেত।