ঝিনাইদহ-১ আসনের রাজনৈতিক হালচাল

ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা উপজেলা) আওয়ামী লীগ ও বিএনপি গ্রুপিং-লবিংয়ে জর্জরিত। বিএনপিতে গ্রুপিং এতই প্রকট যে, একত্রে কর্মসূচির বদলে পৃথক কর্মসূচি পালন করে থাকে। গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন দলের সাবেক সম্পাদক আমজাদ হোসেন। কিন্তু তার ঐক্য চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা গ্রামে গ্রামে উপদল গঠন করে যাচ্ছেন। শৈলকুপা থানা বিএনপির সভাপতি আব্দুল ওহাব এবারও মনোনয়ন চাইবেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি প্রার্থী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে গ্রুপিংয়ের কারণে পরাজিত হন। সমালোচনা থাকলেও শৈলকুপার উন্নয়নের জন্য মানুষ তার কথা স্মরণ রেখেছে। তিনি ছাড়াও মনোনয়ন চাবেন দলের কেন্দ্রীয় সহ-ধর্মসম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিএনপির থিংক ট্যাংক বলে পরিচিত জি-৯-এর সদস্য সচিব এডভোকেট আসাদুজ্জামান আসাদ ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান আলি নিজ নিজ গ্রুপকে শক্তিশালী করতে ব্যস্ত। শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু বলেন, সকল গ্রুপকে এক মঞ্চে আনার চেষ্টা চলছে। দল যাকে মনোনয়ন দেবে নেতা-কর্মীরা তার পক্ষে নির্বাচন করবে বলে তিনি জানান। ২০১০ সালে বিএনপির শৈলকুপা থানা কমিটির কাউন্সিল হয়। কমিটির মেয়াদ এখনও আছে। ১৯৯৭ সালে আওয়ামী লীগের শৈলকুপা উপজেলা শাখার কাউন্সিল হয়। এ কাউন্সিলে আবুল আহসান সিদ্দিক সভাপতি ও মোশারফ হোসেন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটির সভাপতি আবুল আহসান সিদ্দিক মারা গেলে বাবুর আলি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৬ বছর দলের কাউন্সিল হয় না। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে দল ঐক্যবদ্ধ থাকায় এ আসনে আব্দুল হাই বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে দলে গ্রুপিং সৃষ্টি হয়। দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার (সোনা সিকদার) ও সাংগঠনিক সম্পাদক নায়েক অলি জোয়ার্দ্দার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দলের নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। তার রেশ এখনও কাটেনি। বর্তমানে মত্স্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির সাথে উপজেলা চেয়ারম্যান নায়েব আলি জোয়ার্দ্দারের শীতল সম্পর্ক চলছে।