চাটখিলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে চিকিত্সক পলাতক

গত শুক্রবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সেন্ট্রাল হাসপাতাল (প্রাঃ) লিঃ এ দিলরুবা আক্তার সুমি (২০) নামে এক প্রসূতি ও তার নবজাতককে চিকিত্সকের ভুল চিকিত্সায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের আত্মীয়-স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করলে হাসপাতালের চিকিত্সক ডাঃ ওবায়দুল হক ও ডা: তাছলিমা বেগম পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার বদলকোট গ্রামের প্রবাসী আবু রাসেলের স্ত্রী দিলরুবা সুমি (২০) এর বাচ্চা প্রসবের নির্ধারিত তারিখের ৪/৫ দিন বাকি থাকতেই চাটখিল উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী জিওসি মোটা অংকের কমিশনের লোভে প্রসূতি ও তার পরিবারের লোকজনকে ফুঁসলিয়ে সরকারি হাসপাতালে না নিয়ে শুক্রবার সকালে পৌরসভার খিলপাড়া রোডস্থ সেন্ট্রাল হাসপাতাল প্রাঃ লিমিটেডে ভর্তি করান। নিহতের শ্বশুর হাজী আবুল হোসেন অভিযোগ করে বলেন, ভর্তির ১০/১৫ মিনিটের মধ্যেই আমাদের হাতে আল্ট্রাসনোগ্রামের রসিদ ধরিয়ে দিয়ে ৫০০ টাকা নিয়ে সুমিকে অপারেশান টেবিলে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাঃ ওবায়দুল হক সুমির শরীরে একটি মেয়াদ উত্তীর্ণ অজ্ঞাতনামা ইঞ্জেকশান পুশ করেন। ইঞ্জেকশান পুশ করার সঙ্গে সঙ্গেই সুমি ছটফট করতে থাকে এবং সারা শরীর নীল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই সঙ্গে তার গর্ভের সন্তানও মারা যায়।