সংবাদ সংক্ষেপ

ধামরাইয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতী ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বেসরকারি সংস্থা সমাজ ও জাতি গঠন (সজাগ)। গতকাল শনিবার উপজেলার শৈলানে সজাগ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সজাগের অর্থায়নে পরিচালক মোঃ আঃ মতিনের সার্বিক পৃষ্ঠপোষকতা ও সজাগের চেয়ারম্যান সামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা দেয়া হয়। শিংনগর সীমান্তে সাত লাখ ভারতীয় রুপী উদ্ধার শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপির হাবিলদার বশিরউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শিংনগর সীমান্ত এলাকার ১৭১ নং পিলারের কাছে চাঁদপুর মাঠে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৭ লাখ রুপী উদ্ধার করেছে। মংলার পশুর নদীতে জেলের মৃত্যু মংলা (বাগের হাট) সংবাদদাতা \ নদীতে পোনা মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মৃত্যু হয়েছে মাসুম নামে এক জেলের। এলাকাবাসী ও সহকর্মী জেলেরা ওই জেলের লাশ উদ্ধার করেছে। শুক্রবার মংলার পশুর নদীর জয়মনী এলাকায় এ ঘটনা ঘটেছে। বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। উপজেলার ইছাপুরা উত্তর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মুন্সী গোষ্ঠীর ছেলেরা মসজিদের বারান্দায় ক্যারাম খেলছিল। এসময় আওয়ামী লীগ নেতা মোল্লা গোষ্ঠীর আলমগীর কবীর তাদের গালিগালাজ করে। এর জের ধরে একই গোষ্ঠীর থানা বিএনপির সভাপতি হারুন মুন্সী ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমীনের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুদাসপুরে শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশ গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের গুরুদাসপুরে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ত্রাস-বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়রসহ শ্রমিক নেতাদের হত্যা চেষ্টা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৮টি সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে অভিযুক্তদের শাস্তিসহ শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সোনাতলায় যুবদলের সমাবেশ অনুষ্ঠিত সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শুক্রবার সোনাতলায় যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মনিরুল ইসলাম বিপ্লব, রাশেদুর রহমান হান্নান ও আনিছুর রহমান। পুলিশের নির্যাতনে মৃত্যুর প্রতিবাদে সানারগাঁওয়ে মানববন্ধন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সোনারগাঁওয়ের চাঞ্চল্যকর ৪ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আসামি শামীম রেজার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে শুক্রবার মেঘনা প্রতাপেরচর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। টেকনাফে মিয়ানমার নাগরিকসহ ৪ জন আটক টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে ইয়াবা ও মিয়ানমার নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সাবরাং বিওপি বিজিবির জওয়ানরা নয়াপাড়া মগপাড়া আনোয়ারের বাড়িতে হানা দিয়ে ১ হাজার ৯৮৮ পিচ ইয়াবাসহ টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত নূরুল হকের পুত্র মোঃ আনোয়ার, খায়ুকখালী পাড়ার মৃত সুলতানের পুত্র হোসেন আহম্মদ, মিয়ানমার সুদাপাড়া পাড়ার মৃত ফজল করিমের পুত্র মোঃ শাকের, একই এলাকার মোঃ সুলতান আহম্মদের পুত্র মোঃ জাবেদকে আটক করে। গোবিন্দগঞ্জে যোগাযোগমন্ত্রী গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তোজাম্মেল হোসেন প্রধানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাসভবনে যান। তিনি প্রয়াত নেতার ইংল্যান্ডে অধ্যয়নরত একমাত্র পুত্রের পড়াশুনার খোঁজ-খবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একে মোকছেদ আলম চৌধুরী বিদ্যুত্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান। জয়পুরহাটে চ্যানেল ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে চ্যানেল২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে শোভা যাত্রা বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। চ্যানেল২৪-এর জয়পুরহাট প্রতিনিধি আবদুল আলীম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এমপি। কিশোরগঞ্জ উপ-নির্বাচন প্রস্তুতি সম্পন্ন কিশোরগঞ্জ প্রতিনিধি \ ইটনা, অষ্টগ্রাম ও মিটামইন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান রিটার্নিং অফিসার ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন। গোয়ালন্দে কৃষক সমিতির মানববন্ধন গোয়ালন্দ (ফরিদপুর) সংবাদদাতা \ কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিতকরণ, প্রতিটি বড় হাটবাজার এলাকায় সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয়, সারবীজ ও কীটনাশকের দাম কমানো, গোয়ালন্দে কোল্ডষ্টোরেজ স্থাপন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি, জামায়াত-শিবিরকে নিষিদ্ধকরণ, বিএডিসিকে সচলকরণসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন কৃষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে। নীলফামারীতে কবি নজরুলের জন্মবার্ষিকী নীলফামারী প্রতিনিধি \ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নীলফামারী সাহিত্য পরিষদ আলোচনা সভার আয়োজন করে। সভায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা চৌধুরী, কবি আব্দুল হক প্রধান, মোস্তফা ঋভু, মনি খন্দকার, সেলিনা সাথী প্রমুখ। নেত্রকোনায় বিচারপতি ও সচিবসহ ৯ জনকে সন্মাননা প্রদান নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কৃতী সন্তান তিনজন বিচারপতি, দুই সচিবসহ নেত্রকোনার বিশিষ্ট কয়েকজনকে ‘গুণীজন সন্মাননা’ প্রদান করা হয়েছে। নেত্রকোনার বেসরকারি সংগঠন অমাসের (অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা) উদ্যোগে শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসক মোঃ আনিস মাহমুদের সভাপতিত্বে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। গোদাগাড়ীতে মতবিনিময় সভা গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ীতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা। গতকাল শনিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস,এম তুহিনুর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। ফরিদপুরে কৃষক বন্ধন কর্মসূচি ফরিদপুর প্রতিনিধি \ ধান,পাট,সবজিসহ ফসলের লাভজনক দাম, বিএডিসিকে সচল করা, শস্য বীমা চালুসহ আটদফা দাবিতে সুন্দরবন থেকে পদ্মা কৃষকবন্ধন কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরতলির রাজবাড়ী রাস্তার মোড় ও শিবরামপুরে বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কৃষকবন্ধন চলাকালে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলি, রফিকুজ্জামান লায়েক, আব্দুর রহমান লাল্টু প্রমুখ । ঘাটাইল পৌর যুবলীগের কর্মী সমাবেশ ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা \ শুক্রবার ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘাটাইল উপজেলা পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেকমত আলী। বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু । বোদা মহিলাবিষয়ক কর্মকর্তার নামে অনিয়মের অভিযোগ বোদা(পঞ্চগড়) প্রতিনিধি \ বোদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানমের বিরুদ্ধে ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিচার দাবি করে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মফিদুল ইসলাম পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছে। বোদা উপজেলায় দু’হাজার দু’শ’ ভিজিডি কার্ড বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দ পাওয়ার পর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০৭০ কার্ডের তালিকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রহণ করেন এবং ১৩০টি কার্ড গোপন করে অর্থের বিনিময়ে নিজেই তালিকা করেছেন। বটিয়াঘাটায় জাতীয় কবির জন্মজয়ন্তী পালন বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটায় গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গতকাল শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শেখ আঃ হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা ও ডাঃ মনোরঞ্জন মন্ডল। নগরকান্দায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারকে ফৌজদারী অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারায় এ বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। মেহেরপুরে মা সমাবেশ মেহেরপুর প্রতিনিধি \ গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি নীল কুঠি মিলনায়তনে শিশু ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে শিশু ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এ সমাবেশে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। পীরগঞ্জে রায়হান ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ এসআই পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁও জেলা পুলিশের বার্ষিক মূল্যায়ন রিপোর্টে বিভাগীয় কার্যক্রমে সর্বোচ্চ অবদান রাখায় পীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর রায়হান আলীকে জেলার শ্রেষ্ঠ দারোগা নির্বাচিত করা হয়েছে। ২২ মে জেলা পুলিশের এক সভায় পুলিশ সুপার মোঃ ফয়সাল মাহমুদ তাকে পুরস্কৃত করেন। উল্লেখ্য, সমপ্রতি সেনুয়া গ্রামের ইউপি সদস্য হত্যা মামলায় গুম করা লাশ উদ্ধার ও মূল ঘাতককে গ্রেফতার করেন। ঈশ্বরগঞ্জে ডেমোক্রেটিক লীগের মহাসচিবকে সংবর্ধনা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৮ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সদ্য কারামুক্ত ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দীন আহমেদ মণিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির মিলনায়তনে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জায়েদী। সাতক্ষীরার হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকার চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সদর থানা এসআই আব্দুল আজিজের নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল: সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত আলীর ছেলে আবুল কাসেম ও জাকির হোসেন, একই এলাকার শহীদুল ইসলামের ছেলে সালাম, গোবিন্দপুর গ্রামের শামসুর গাজীর ছেলে মঈন এবং আশাশুনি থানার মান্দারবাড়ী গ্রামের কোবাত আলীর ছেলে হাশেম। লক্ষ্মীপুরে চাষিদের মানববন্ধন লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মহাসেন ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে সয়াবিন, বাদাম, মরিচ ও বোরোসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় চাষিদের কৃষিঋণসহ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল আলম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাজান, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ। ঈশ্বরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়নের শিবপুর গ্রামের এক স্কুলছাত্রী প্রতিবেশী এক বখাটে যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। ওই গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে বৃহস্পতিবার প্রতিবেশী বখাটে যুবক আবুল কালামের ছেলে বাদল মিয়া (১৮) ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করে বিষয়টি পরিবারের কাছে খুলে বলে। ঘটনাটি এলকায় ছড়িয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে। দামুড়হুদা কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মরণে র্যালী দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে কবির স্মৃতিবিজড়িত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মরণে র্যালী, আলোচনাসভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কার্পাসডাঙ্গা গার্লস স্কুল নজরুল স্মৃতি সংসদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। গোপালগঞ্জে ২শ’ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ২শ’ শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছে এন হক কলেজ অব বিজনেস এ্যান্ড টেকনোলজি। শনিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। কলেজের প্রতিষ্ঠাতা নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিরিন নিলুফার চৌধুরী, আয়ুব আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক। মধুখালীতে কৃষক বন্ধন কর্মসূচি পালিত মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে খুলনা জেলার সুন্দরবন থেকে ফরিদপুর জেলার দৌলতদিয়ার পদ্মা পর্যন্ত কৃষকদের ৭ দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখা এক কৃষক বন্ধন কর্মসূচি পালন করে। সেনবাগে বিএনপির দোয়া মাহফিল সেনবাগ সংবাদদাতা \ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি জয়নুল আবেদিন ফারুকের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে গতকাল শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুরে আয় বর্ধনমূলক প্রশিক্ষণ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ উপজেলার আখিরাহাট এলাকায় অতিদরিদ্রদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে দক্ষতা উন্নয়নে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) কর্মসূচী এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে এনজিও উদ্দীপন তাদের অতিদরিদ্র ২৫ জন সদস্যকে বাঁশের তৈরী পণ্যের কাজ হাতে-কলমে শেখাচ্ছে। এতে সমাজের অবহেলিত প্রতিবন্ধীরাও কাজ করছে। রামগঞ্জে অপহূত প্রবাসী ৭ ঘন্টা পর উদ্ধার রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীনারায়ণপুর গ্রামের প্রবাস ফেরত সাদ্দাম হোসেন (২৩)কে অপহরণের ৭ ঘন্টা পর শুক্রবার রাতে উদ্ধার করা হয়। অপহরণকারীদের সাথে অপহূতার পরিবারের সমঝোতার ভিত্তিতে করপাড়া ঠাকুর বাড়ি নামক স্থান থেকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্বজনেরা উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। ৬ লাখ টাকার রূপা আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি চুয়াডাঙ্গা প্রতিনিধি \ ৬ বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা বিজিবির আওতাভুক্ত দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো রূপার গহনাগুলো উদ্ধার করেছে। শনিবার বিজিবির চুয়াডাঙ্গা ক্যাম্পে প্রেস ব্রিফিং-এ এ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয় ।