চট্টগ্রামে ডেমু ট্রেনের যাত্রা শুরু
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৫৮
চট্টগ্রামবাসীর বহু প্রত্যাশিত সার্কুলার ট্রেন গতকাল শনিবার থেকে যাত্রা শুরু করেছে। চীন থেকে সদ্য আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) কোচের সাহায্যে এ ট্রেন চলবে। চট্টগ্রাম সার্কুলার ট্রেন নামে পরিচিত এ ট্রেনটি চট্টগ্রাম-ফৌজদারহাট-বন্দর হয়ে আবার চট্টগ্রাম স্টেশনে এসে ঝাউতলা, ষোলশহর হয়ে জানালিহাট পর্যন্ত দৈনিক দুইবার চলাচল করবে। এ ট্রেনের ভ্রমণের জন্য অনূর্ধ্ব ৩৩ কিলোমিটার পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। অধিক দূরত্বে ভ্রমণের জন্য প্রযোজ্য হারে ভাড়া আদায় করা হবে বলে রেলওয়ে সূত্র জানায়।
এ ট্রেনটি ছাড়াও ডেমু কোচের সাহায্যে গতকাল চট্টগ্রাম-লাকসাম রুটে একটি কমিউটার ট্রেন চালু করা হয়েছে। ট্রেনটি উভয়পথে পাহাড়তলী, কুমিরা, সীতাকুণ্ড, চিনকি আস্তানা, ফাজিলপুর, ফেনী ও নাঙ্গলকোট স্টেশনে থামবে। এ রুটের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক এমপি গতকাল দুপুরে চট্টগ্রাম স্টেশনে এ দু’টি ট্রেনের উদ্বোধন করেন। ডেমু কোচ দিয়ে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে একটি সার্কুলার ট্রেন আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরে যানজট নিরসন ও নগরবাসীর সহজ যাতায়াতের সুবিধার্থ চট্টগ্রাম সার্কুলার ট্রেন ব্যাপক ভূমিকা পালন করবে। এছাড়া চট্টগ্রাম-লাকসাম কমিউটার ট্রেন চট্টগ্রাম শহরের ওপর জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।