আজ শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপ
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৫৮
আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপ। পররাষ্ট্র সচিব শহীদুল হক বাংলাদেশের পক্ষে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন এই সংলাপে নেতৃত্ব দিবেন।
বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন ও সুশাসন, সন্ত্রাস দমন ও নিরাপত্তা এবং আঞ্চলিক একত্রীকরণ— এই চারটি ইস্যুতে মূলত সংলাপ হবে বলে কূটনৈতিক সূত্র জানায়।
বাংলাদেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অচলাবস্থা এই সংলাপে প্রাধান্য পাবে। অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রধান দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র সংলাপের তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন আজ বিকালে নয়াদিল্লী থেকে ঢাকা আসবেন। এই দফায় তিনি বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও ভারত সফর করছেন। অংশীদারিত্ব সংলাপে চার থেকে পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সহযোগিতা, মাদকদ্রব্যের চলাচল রোধে সহায়তা, জ্বালানি এবং বিদ্যুত্ ও প্রযুক্তি খাতে সহায়তা বিষয়ে চুক্তি বা সমঝোতা হতে পারে। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি বা টিকফা বিষয়েও অংশীদারিত্ব সংলাপে আলোচনা হবে। টিকফা চুক্তি সই এর ব্যাপারে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সমঝোতা স্মারক চুক্তি ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে অংশীদারিত্ব সংলাপ শেষে একটি যৌথ ঘোষণা দেয়া হবে আগামীকাল সোমবার।
ওয়েন্ডি শারমেন ঢাকা অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাত্ করার কর্মসূচি রয়েছে।
ওয়েন্ডি শারমেনের সঙ্গে প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জোস ফার্নান্দেজ, দক্ষিণ এশিয়া উপ-সহকারী সেক্রেটারি এলিসা আয়ার, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক উপ-সহকারী সচিব কেরান ম্যাকরাহান, প্যান্টাগনের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ম্যালাভেলা, জ্বালানি বিষয়ক উপ-সহকারী রবার্ট আইকর্ডসহ ১০ সিনিয়র কর্মকর্তা রয়েছেন। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বেসরকারি খাতের ব্যক্তিরাও প্রতিনিধিদলে আসবেন।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু’দেশের মধ্যে ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হবে। এতে বাণিজ্য বিষয়ক সহকারী সেক্রেটারি জোস ফার্নান্দেজ, ব্রিগেডিয়ার জেনারেল ম্যালাভেলা ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা যুক্তরাষ্ট্রের পক্ষে এবং ব্যাংলাদেশের পক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোস্তফা কামাল, মহাপরিচালক (আমেরিকা) মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।