অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা, এতে আপস নেই
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২৩:১০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক নয়, অর্ন্তবর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। আর এ অর্ন্তবর্তী সরকারের প্রধান থাকবেন বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোন আপোষ নেই।
গতকাল শনিবার বিকালে মিরপুরে বেসরকারি এনজিও সংস্থা প্রশিকার কেন্দ্রীয় কার্যালয়ে ‘রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিওদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে। বিএনপি-জামায়াত ও হেফাজতকে বিশ্বাস করা অপরাধ। বিএনপি একাত্তরের ঘাতক জামায়াতকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। গত ৫ মে হেফাজতের চক্রান্তের পেছনে বিএনপির কয়েকজন নেতাসহ হাওয়া ভবনের গডফাদাররা জড়িত।
মোহাম্মদ নাসিম বলেন, জনগণকে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাইবে, নাকি হাওয়া ভবনের দুঃশাসন পুনঃপ্রতিষ্ঠা করবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, কোন হুমকি-ধামকিতে আওয়ামী লীগ ভয় পায় না।
প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদে হুইপ আফম ফিরোজ, নারী নেত্রী অধ্যাপক মমতাজ বেগমসহ প্রশিকার কর্মকর্তাবৃন্দ।