চট্টগ্রামে কোচিং সেন্টারের সংবর্ধনা থেকে ৪০ শিবির কর্মী আটক
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২৩:১০
ছাত্রশিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর পাঁচলাইশ থানা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৩ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্র শিবিরের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. নূরুল হক। এ সময় পুলিশ তাকেও আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের নামে ছাত্রশিবির নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল। তাই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে অনেকেই সাধারণ শিক্ষার্থী বলে তাদের অভিভাবকরা দাবি করেন। এ প্রসঙ্গে সিএমপি পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ ইত্তেফাককে বলেন, ‘প্রবাহ কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে শিবিরের চিহ্নিত নেতা-কর্মীরা জড়ো হয়েছে বলে আমাদের কাছে খবর আসে। রবিবারের হরতালকে কেন্দ করে তারা নাশকতার পরিকল্পনা করছিল। পরে আমরা অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছি। এদের মধ্যে কয়েকজন মামলার আসামি রয়েছে।