আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২৩:১২
বেতন ভাতা বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল শনিবারেও সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে। সহিংসতা এড়াতে গতকাল এ এলাকায় ১২টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া ৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ডংলিয়ান ফ্যাশন বিডি, গাজির চট এলাকার গ্লোবাল নিটওয়্যার, জাম গড়ার উশান ডিজাইন লিঃ এর শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সম্বলিত নোটিস দেখতে পায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ করে এবং টঙ্গি-আশুলিয়া সড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যয়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে এ এলাকার জুয়েল ফ্যাশন, ডিজাইন জিন্স, অনন্ত ফ্যাশন, জনরন সোয়েটার, আইডিএসসহ ১২টি কারখানায় শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের ডিএডি আবদুস সাত্তার জানান, বন্ধ কারখানা খোলার ও বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। বর্তমানে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত আমর্ড পুলিশ ও র্যাবের একাধিক টিম মোতায়েন করা হয়েছে।