চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নগরীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল শনিবার মাঝিরঘাট এলাকায় একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ গিয়ে ব্যারিকেড সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানায়, ফোর এইচ গ্রুপের ‘গ্রেস ওয়েল ফ্যাশন লিমিটেড’ নামের পোশাক কারখানাটির ভবনে ফাটল ধরায় সাভারের ট্র্যাজেডির পর কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারখানার চারতলা ভবনটির বিভিন্ন স্থানে অনেক আগে থেকেই ফাটল দেখা দেয়। এ সময় ভবনে কর্মরত শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় আতংক দেখা দিলে কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার কারখানাটি খোলার কথা ছিল এজন্য কয়েকশ’ শ্রমিক কারখানার সামনে সকালে জড়ো হয়। তবে কারখানাটি বন্ধ থাকলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু কারখানাটি কবে খোলা হবে কর্তৃপক্ষ তা ঘোষণা না দেয়ায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়।