চাটমোহরে আব্দুস সালামের খামারে ফল-সবজির সমাহার

পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আব্দুস সালামের খামারে আম, লিচু, শাক-সবজির সমাহার। নিজ বাড়িতে তিনি এই বিশাল খামার গড়ে তুলেছেন। এছাড়াও তার খামারে আছে নানা রকম ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ফুল গাছ। রয়েছে পুকুর ভর্তি মাছ। আম ও লিচু গাছে শোভা পাচ্ছে আম-লিচু। এক একর জমিতে বাড়ি আর খামার গড়ে তুলে তিনি স্থানীয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট। চাকরির পাশাপাশি ছুটিতে বাড়িতে থাকাবস্থায় এই খামার তিনি গড়ে তুলেছেন। খামার পরিচর্যা করতে তিনি মহির উদ্দিন নামের এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। প্রতিদিন মোবাইল ফোনে আব্দুস সালাম তাকে বিভিন্ন নির্দেশনা দেন। ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তোলা এ খামার দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন। আব্দুস সালাম বলেন, আমি কৃষকের সন্তান। নিজ প্রচেষ্টায় আমি এ খামার গড়ে তুলেছি। অন্যদের খামার দেখে আমি খামার করা শুরু করেছিলাম। আমি আমার কর্মক্ষেত্রে গাছ লাগিয়ে পরির্চযা করি। তিনি জানালেন, ৩ বছর আগে বাড়ির আঙিনায় বাগান করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। তার বাগানে রয়েছে আম্রপলি, খিরসাপাত, ভুঁইতা বোম্বাই, ল্যাংড়া, গোপালভোগ, ফজলী, র্যাংগস ওআইসি (মায়ানমার), দুধ সাগরসহ নানা জাতের আম। এছাড়াও চায়না-৩, বোম্বাই, মোজাফফরি, বেদেনা জাতের লিচু গাছে শোভা পাচ্ছে। রয়েছে পেঁপে, কলা, লেবু, লটকন, আঙ্গুর, জলপাই, স্ট্রবেরি, বরই, পেয়ারা, কামরাঙ্গা, জামরুল, আমলকি, সুপারি, নারিকেল, কাঁঠাল, আমড়া, করমচাসহ নানা প্রজাতির ফলদ গাছ। আরো আছে নাইট কুইন, গোলাপ, জবা, রজনীগন্ধাসহ দেশি-বিদেশি নানা ফুলের গাছ। তার খামার থেকে যে আয় হবে তা সহজেই যে কোন শিক্ষিত বেকার যুবককে আকৃষ্ট করবে। আব্দুস সালাম শুধু নিজ বাড়িতেই খামার গড়ে তোলেননি। এলাকাবাসীকেও তিনি নানাভাবে উদ্বুদ্ধ করছেন। সরবরাহ করছেন উন্নতমানের সবজি বীজ ও আম-লিচুর চারা। চাটমোহর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুদ্দৌলা বলেন, আমরা আব্দুস সালামের খামার নিয়মিত পরিদর্শন করা ছাড়াও সব সময় পরামর্শ দিয়ে থাকি। সেনাবাহিনীতে চাকরি করেও তিনি যে বিপ্লব ঘটিয়েছেন তা আদর্শ কৃষক ও খামারীর মডেল।