শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ

গতকাল শনিবার ১১৪ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে গোটা জাতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানমালা শুরু হয়। জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির স্বপ্নপূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান জানান। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানমালা ছাড়াও কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল, দরিরামপুর, দৌলতপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল নানা আয়োজনে ব্যাপক উদ্দীপনায় কবির জন্মদিন উদযাপন করা হয়। গতকাল গান, নাচ, কবিতায় মানবতার কবি নজরুলকে স্মরণ করেছে শিল্পকলা একাডেমী, ছায়ানট, নজরুল একাডেমী, নজরুল ইন্সটিটিউট, নজরুল সঙ্গীতশিল্পী পরিষদ, সৃজন, চ্যানেল বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, বাংলাদেশ বেতার, এফএম রেডিওগুলো নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে। কবির সমাধি ফুলে ফুলে ঢাকা পূর্ব দিগন্তে যখন নতুন দিনের সূর্য রক্তিম আভা ছাড়াচ্ছিল, ঠিক তখনই কবির পরিবারের সদস্যরা তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় কবির পুত্রবধূ উমা কাজী, নাতনী খিলখিল কাজীসহ কবি পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, ডাক ও তার মন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলসহ আরো অনেকে। এছাড়া রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কবি পুত্রবধূ উমা কাজী বলেন, ‘নজরুল তার দর্শন ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে চিরকাল মানবতার কথা বলেছিলেন। তার রচনাবলী আজো সমকালীন। তিনি চিরকাল অম্লান হয়ে থাকবেন ঐশ্বর্যময় সাহিত্যকর্মের জন্য।’ কবি নাতনী খিলখিল কাজী বলেন, ‘নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’ সকালে নজরুল মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দিন ও রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বক্তব্য রাখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাসহ দেশের বরেণ্য শিল্পীরা নজরুলের মাজার প্রাঙ্গণে গান পরিবেশন করেন। ছায়ানট’র নজরুল উত্সব নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের কণ্ঠে ‘চল রে চপল’ ও ‘সবুজ শোভার ঢেউ খেলে যায়’ গান দুইটির মধ্য দিয়ে শুরু হয় দেশের ঐহিত্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের দ্বিতীয় দিনের নজরুল উত্সব। এদিনের আয়োজনে ছিল একক, দলীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি। নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ফাতেমা তুজ জোহরা, বিজন চন্দ্র মিস্ত্রী মুখ। আবৃত্তি করেন জহিরুল হক খান ও কাজী মদিনা। দলীয় নৃত্য পরিবেশন করেন ছায়ানটের নৃত্য বিভাগের শিল্পীরা। ‘নাহি নাহি ভয়’ গান পরিবেশনের মধ্য দিয়ে নজরুল উত্সব শেষ হয় । শিল্পকলা একাডেমীতে গান-আলোচনা জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। মুখ্য আলোচক ছিলেন ড. করুণাময় গোস্বামী। উদ্বোধনী বক্তা ছিলেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। এতে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আয়োজনের ২য় পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন খিলখিল কাজী, সালাউদ্দিন আহমেদ, খায়রুল আনাম শাকিল, শহীদ কবির পলাশ, কল্পনা আনাম. শারমিন সাথী ইসলাম, ইয়াসমিন মুশতারী প্রমুখ। দলীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমীর রেপার্টারি গ্রুপ (সঙ্গীত), নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ ও নজরুল সংঙ্গীত শিল্পী সংস্থার সদস্যরা। সমবেত নৃত্য পরিবেশন করে একাডেমীর রেপার্টারি গ্রুপ (নৃত্য), নটরাজ ও নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন। একক আবৃত্তি পরিবেশন করেন হাসান আরিফ, ডালিয়া আহমেদ, ঝর্ণা সরকার ও আহ্কামউল্লাহ্। ইয়াসমিন মুশতারীকে নজরুল একাডেমীর সম্মাননা শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে নজরুল একাডেমী আয়োজিত নজরুল উত্সবের সমাপনী দিন ছিল গতকাল। এ দিনের অনুষ্ঠানে নজরুল সঙ্গীত সাধনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয় শিল্পী ইয়াসমিন মুশতারীকে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবির পুত্রবধূ ঊমা কাজী। সভাপতির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও একাডেমীর সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ হোসেন সাঈদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমীর নবীন ও প্রবীণ শিল্পীরা নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। মোস্তফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা দিল চ্যানেল আই নজরুল জয়ন্তী উপলক্ষে গতকাল ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই আয়োজিত নজরুল মেলায় দেশের প্রবীণ সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। চ্যানেল আই ভবন প্রাঙ্গণে একগুচ্ছ লাল-সাদা বেলুন আকাশে উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে মোস্তফা জামান আব্বাসীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রবীণ সঙ্গীতজ্ঞ সুধীন দাশ। এ সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেলার পৃষ্টপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মেলা মঞ্চে ছিল গান, নাচ, আবৃত্তি। মেলা মঞ্চের ডান পাশে খোলা চত্বরে রঙ-তুলি নিয়ে ব্যস্ত ছিলেন বরেণ্য শিল্পীসহ নবীন আঁকিয়েরা। তারা নজরুলের ভাবসম্পদ নিয়ে ছবি আঁকেন। এসময় একাগ্র চিত্তে নিবিড় মনে ছবি আঁকতে দেখা যায় আবদুল মান্নান, শহীদ কবির, রেজাউন নবী, বীরেন সোম, জহির উদ্দিনসহ আরো অনেককে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা ও সুরসপ্তকের শিল্পীরা। নজরুলের রচনাবলী থেকে আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম। নজরুলের স্বপ্ন পূরণের আহ্বান প্রধানমন্ত্রী বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং সকলের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে শোষণ-বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে পারলে নজরুলের স্বপ্ন সত্যে পরিণত হবে। তিনি আরো বলেন, একজন কবি, তিনি মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় বৃটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন, কারাবরণ করেছেন। অপরদিকে ধর্মব্যবসায়ী ফতোয়াবাজদের মুখোশ খুলে দেয়ায় ‘কাফের’ বলেও অভিহিত হয়েছেন। কিন্তু কোন কিছুই তাকে ভীত করতে কিংবা দমাতে পারেনি। আমরা তার কাছ থেকে লাভ করেছি সাহস ও শৌর্য। অর্জন করেছি প্রতিবাদের ভাষা। প্রধানমন্ত্রী গতকাল সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ভাষণকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী নজরুল রচিত গান যেগুলোতে তিনি জীবদ্দশায় সুর করতে পারেননি তাতে সুরারোপের বিষয়টি বিবেচনা করতে নজরুল বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টি সম্ভারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই কবির সম্পূর্ণ সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ুক। তিনি বহুলপ্রচলিত সকল ভাষায় নজরুলের সাহিত্য কর্মের অনুবাদের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব ড. রনজিত্ কুমার বিশ্বাস, এনডিসি, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর রশীদ হায়দার এবং কবি পরিবারের সদস্য খিলখিল কাজী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অ্যামিরেটাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নজরুল শিক্ষক ড. রফিকুল ইসলাম কবি নজরুলের ওপর স্মারক বক্তব্য পেশ করেন।