ত্রিশালে তিনদিন ব্যাপী নজরুল উত্সব শুরু
ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২৩:১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে গতকাল শনিবার তিনদিনব্যাপী নজরুল উত্সব শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর উত্সবের উদ্বোধন করেন। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে পৌর মেয়র এবিএম আনিসুজ্জামানের নেতৃত্বে পৌরভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরিরামপুর নজরুল মঞ্চে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে জাতীয় ও স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করে। নজরুল উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে মহীউদ্দীন খান আলমগীর বলেন, নজরুলের কণ্ঠে যে মানবতার জয়গান ধ্বনিত হয়েছিল আজোও তা অম্লান রয়েছে। নজরুলের সেই অমর বাণী আমাদেরকে উজ্জীবিত করে যাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমানই সংবিধান লংঘন করে স্বৈরতন্ত্র জন্ম দিয়েছে। বাংলাদেশে স্বৈরতন্ত্র ও অত্যাচারিদের কোন স্থান নেই। কাজী নজরুল স্বৈরতন্ত্রকে ঘৃণা করতেন। নজরুলের এ চেতনাকে বঙ্গবন্ধু অনুসরণ করতেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তৃতা করেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, অধ্যক্ষ মতিউর রহমান এমপি, অধ্যাপক ডাঃ এম. আমান উলাহ এমপি, রেজা আলী এমপি ও পুলিশ সুপার মইনুল হক বক্তৃতা করেন। অপরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পৃথকভাবে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। নজরুলের প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, ‘নজরুলের শিশু সাহিত্য’ এবং নটবর নজরুলের নাট্যসাধনা’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।