যথাযোগ্য মর্যাদায় ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী গতকাল যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মরণ সভা, রক্তদান কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গীর্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ওয়াজেদ মিয়ার সততার বিষয়ে বলেন, ‘ওয়াজেদ মিয়া এমন একজন মানুষ ছিলেন, তার শ্বশুর বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক এবং স্ত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোনোদিন কোনো সুবিধা নেওয়ার চিন্তা করেননি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, ড. ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজধানীর মোহাম্মদপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।