সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি

নির্দলীয় হলেও দলীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে চার সিটি করপোরেশন নির্বাচনে। বিএনপি দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের উপ-নির্বাচনগুলো বর্জন করলেও সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে চারটি সিটি করপোরেশনে মেয়র পদে একক প্রার্থী দেয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনে প্রার্থী চূড়ান্ত করতে খোদ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। অবশ্য প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন দল থেকে পদত্যাগ করে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দলের পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কৌশলগত কারণে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্বাচনের বিষয়ে তারা প্রকাশ্যে কোন তত্পরতা চালাবে না। এমনকি কোন কেন্দ্রীয় নেতা প্রচার অভিযানে অংশ নিবেন না। যেসব কেন্দ্রীয় নেতা স্থানীয় পর্যায়ে অবস্থান করছেন শুধুমাত্র তারাই নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী সিটি করপোরেশন একটি নির্দলীয় নির্বাচন। কিন্তু প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলীয়ভাবে প্রার্থী বাছাই এবং প্রচারণার কারণে দৃশ্যত এ নির্বাচন রাজনৈতিক রূপ লাভ করেছে। ইতিপূর্বে বিএনপি ঘোষণা দিয়েছিল এই সরকারের অধীনে কোন নির্বাচনে তারা অংশ নেবে না। যে কারণে হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনের পর জাতীয় সংসদের আর কোন উপ-নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলগতভাবে বর্জন করে দলটি। যদিও মনিরুল হক সাক্কু দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নেন। এর আগে সেনা মোতায়েন না করার প্রতিবাদে নির্বাচনের আগেরদিন রাতে আকস্মিকভাবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার। সর্বশেষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও কোন প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু চার সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পর দৃশ্যপট পাল্টে যায়। প্রথমে পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেয়ার কৌশল দেখালেও বর্তমানে প্রকাশ্যেই চার সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে নেমেছে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, সিটি নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। তারা মনে করছে, বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, মোটামুটি অবাধ নির্বাচন হলেও বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এই সুযোগটা কাজে লাগাতে চায় বিএনপি। তাছাড়া জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি আদায়ের আন্দোলন এবং আগামী সংসদ নির্বাচনের বিষয়টিও বিবেচনায় নিয়ে চার সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এই চারটি ও নবগঠিত গাজীপুরসহ সিটি করপোরেশনগুলোতে বিশেষত:মেয়র পদে দলীয় লোক থাকলে তা সামনের আন্দোলন ও নির্বাচনে ইতিবাচক ফল দেবে। একইসঙ্গে ‘বর্তমান সরকারের জনপ্রিয়তা নেই’-সারাদেশে এমন বার্তা পৌঁছে দিয়ে আন্দোলন জোরদারেও তা সহায়ক হবে। এর আগে চট্টগ্রাম ও কুমিল্লা সিটি নির্বাচনেও নাগরিক কমিটির ব্যানারে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। দু’টি স্থানেই বিরাট ব্যবধানে তারা বিজয়ী হয়েছেন। বর্তমানেও কৌশলগত কারণে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মনে করে, চারটির তিনটিতেই তাদের প্রার্থীরা বিজয়ী হবেন। এই বিজয় রাজনৈতিকভাবে কাজে লাগানো যাবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চারটি সিটি নির্বাচনের চারটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। যার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়ে। বিএনপির কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েই স্থানীয় পর্যায়ের একাধিক নেতা এবার চার সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হন। এর মধ্যে রাজশাহীতে দুই জন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন এবং সিলেটে চার জন মনোনয়ন দাখিল করেন। এমনকি রাজশাহী এবং সিলেটে জামায়াতের দুই জন স্থানীয় নেতাও জেলখানা থেকে প্রার্থী হন। এ নিয়ে স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব-কোন্দল সৃষ্টি হয়। স্থানীয় নেতারা কেন্দ্রের কাছে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি চান। দল থেকে অনুমতি দেয়া না হলেও স্থানীয় নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এতে করে ওইসব স্থানে দলীয় কোন্দল দেখা দেবে। একাধিক প্রার্থী থাকলে আওয়ামী লীগের প্রার্থী সহজেই বিজয়ী হয়ে যেতে পারেন। স্থানীয় পর্যায় থেকে জানানো হয়, বর্তমান সরকারের শেষ সময়ে সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সরকার সমর্থক প্রার্থীরা বিশেষ করে বর্তমান মেয়ররা (পদত্যাগী) নাজুক অবস্থানে রয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল, দুর্নীতি-সন্ত্রাস এবং হেফাজত ইসলামের শাপলা চত্বরের আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিলে বিএনপির প্রার্থীরা সহজেই বিজয়ী হতে পারবেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনের বিষয়টি পর্যবেক্ষণ করে অংশগ্রহণ এবং প্রার্থী বাছাইয়ের ক্ষমতা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেন। দলীয়ভাবে সিদ্ধান্ত হয় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনে অংশ নিলে দল থেকে পদত্যাগ করতে হবে। বিএনপির মৌন সমর্থন নিয়ে তফসিল ঘোষণার পরই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিল করেন গত মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক। সাবেক মেয়র মিজানুর রহমান মিনুও নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মাহসচিব হওয়ায় দল তাকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয়নি। একইভাবে বরিশালেও সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ারকেও অনুমতি দেয়া হয়নি। সেখানে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি আহসান হাবীব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চাঁন। খুলনায়ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (গত নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী), জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সেকান্দার জাফরউল্লাহ খান মনোনয়নপত্র দাখিল করেন। খুলনায় প্রার্থী মনোনয়ন স্থানীয়ভাবে নিষ্পত্তি হলেও রাজশাহী এবং বরিশালের মেয়র প্রার্থী বাছাইয়ে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হয়। ড. খন্দকার মোশাররফ হোসেন এই দুই সিটির মনোনয়ন প্রত্যাশী এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় একাধিক বৈঠক করেন। শেষ পর্যন্ত দু’টি স্থানে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও বরিশালে মেয়র পদপ্রার্থী এবায়েদুল হক চাঁন এখনো প্রার্থিতা প্রত্যাহার করেনি। রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মনিরুজ্জামান মনি, বরিশালে আহসান হাবিব কামাল এবং সিলেটে আরিফুল হক চৌধুরী ছাড়া অন্যদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। সিলেটে প্রার্থী বাছাই করা নিয়ে জটিল পরিস্থিতির তৈরি হয়। এখানে চারজন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে তিনজন জোট করে তাদের মধ্যে থেকে একজনকে প্রার্থী দেয়ার দাবি জানান। একক প্রার্থী বাছাইয়ের জন্য দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শমসের মবিন চৌধুরীকে সিলেটে পাঠানো হয়। তিনি চার প্রার্থীর সঙ্গে বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি। শেষে দলের চেয়ারপার্সন চার নেতাকে ঢাকায় তলব করেন। বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি কেন্দ ীয় নেতা আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পঙ্খী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামানের সঙ্গে বৈঠক করেন বেগম জিয়া। তিনি আরিফুল হক চৌধুরী ছাড়া অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন। এদিকে সিলেটে মহানগর জামায়াতের আমির কারাবন্দী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং রাজশাহীতে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহম্মদ জাহাঙ্গীর ( বর্তমানে কারাবন্দী) মেয়র পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে তাদেরকে বসিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, রাজশাহীতে যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরিশালে সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ার এমপি, খুলনায় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এমপি এবং সিলেটে সহ-সভাপতি শমসের মবিন চৌধুরীকে অলিখিতভাবে সমন্বয়কারী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ড. খন্দকার মোশাররফ হোসেন কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন। সর্বশেষ খবর অনুযায়ী বরিশালের মেয়র প্রার্থী এবায়েদুল হক চাঁন আহসান হাবিব কামালের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত হয়েছেন। খুলনায় মেয়র প্রার্থী জাফরউল্লাহ খান সাচ্চু বিএনপির প্রার্থী মনির সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রাজশাহীতে জামায়াতের কারাবন্দী নেতা মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহম্মদ জাহাঙ্গীর কারাগার থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছেন। সিলেটে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী তিন প্রার্থীর বাসায় গিয়ে আরিফুল হক চৌধুরী তাদের সমর্থন চেয়েছেন। আজ রবিবার তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে সিলেট বিএনপি দাবি করেছে।