আজ সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

সভা-সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বিরোধীদলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে। বিএনপির মুখপাত্র দলের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, জনস্বার্থে জরুরি সেবাদানকারী যানবাহন যথাক্রমে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, লাশবহনকারী এবং গণমাধ্যমের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। হরতালের সমর্থনে শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির পৃথক ঝটিকা মিছিল করেছে। মিছিলে পুলিশ ও সরকারি দলের নেতারা বাধা দিয়েছে। দুপুরের দিকে ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবিরের নেতাকর্মীরা দয়াগঞ্জ এলাকায় মিছিল বের করে। শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সরকারের পতনসহ বিভিন্ন স্লোগান দেয়া হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে স্বেচ্ছায় কারাবরণসহ যে কোনো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। ময়মনসিংহ, মুক্তাগাছা ও ত্রিশালে হরতাল শিথিল ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানের কারণে ১৮ দলের ডাকা রবিবারের হরতাল শিথিল করা হয়েছে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলার সর্বত্র। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।