জিএসপি বাতিলে মার্কিন হুমকি অন্যায় :অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা বা জিএসপি সুবিধা বাতিলের হুমকিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, নিরাপত্তার বিষয়ে সবকিছুই করছি আমরা। তারপরও জিএসপি বাতিলের হুমকি অন্যায়। গতকাল শনিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নানা ধরনের অনিয়মের অভিযোগ জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস) সুবিধা বাতিলের বিষয়ে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। গত নভেম্বরে সাভারের তাজরিন গার্মেন্টসে আগুনে পুড়ে শতাধিক শ্রমিকের প্রাণহানি ও এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে প্রায় বারোশ’ শ্রমিকের প্রাণহানির ঘটনায় জিএসপি সুবিধা বাতিলের বিষয়টি আরো জোরদার হয়েছে। জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বর্তমানে শুনানি চলছে। অর্থমন্ত্রী গতকাল আরো বলেছেন, ভাড়া বাড়িতে যাত্রা শুরু করা দেশের পোশাক খাত এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৩০ বছরে কতবার আগুন লেগেছে, কয়টা দুর্ঘটনা হয়েছে? এর আগে ভবন ধস হয়েছিল তেজগাঁওয়ে কিন্তু সমপ্রতি দুটো ঘটনা পাশাপাশি সময়ে ঘটায় বেশি আলোচনা হচ্ছে বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী জানান, সাভারের ভবন ধসের আগেই পোশাকশিল্পের বিষয়ে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। ভবন ধসের পরে আরেকটি কমিটি করা হয়েছে, যারা পোশাক শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিবেদন দেবে। এত কিছুর পরও জিএসপি-সুবিধা বাতিলের হুমকি অত্যন্ত অন্যায়। এটা কোনো যুক্তি নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যতোই ভালো করুক এটি এখনো স্বল্পোন্নত দেশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ২৪ শতাংশ শুল্ক দেয়া হয়। অন্যদিকে ফ্রান্সের মতো একটি দেশ সেখানে শুল্ক দেয় মাত্র ৫ শতাংশ। আলোচনাকালে আইবিএফবি জানায়, তাদের একটি প্রতিনিধিদল খুব শিগগিরই ওয়াশিংটন যাচ্ছে। এ প্রেক্ষিতে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে তুলে ধরার আহ্বান জানান অর্থমন্ত্রী।