জ্বালাও পোড়াও নয় প্রস্তাব থাকলে সংসদে এসে বলুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে দিতে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যা চান সংসদে এসে বলুন। আমাদের সাথে আলোচনা করুন। কিন্তু আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে মানুষের সর্বনাশ করবেন না। গরীব-দুঃখী মানুষের পেটে লাথি মারবেন না। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করবেন না। আর যাতে কোনদিন জঙ্গিবাদের মদদদাতারা ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার গণভবনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতাকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে, সেই ব্যবস্থাই আমরা করবো। বাংলাদেশের মাটিতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির কারচুপির এবং মাগুরা মার্কা নির্বাচন আর হবে না। জনগণের সাংবিধানিক ও ভোটাধিকার বজায় থাকবে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না। দেশের গণতন্ত্র আর যেন বিপন্ন না হয়, সংবিধান লঙ্ঘন করে কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে আমরা সে বিষয়টি নিশ্চিত করেছি। বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে অনুষ্ঠিত হওয়া সাড়ে পাঁচ হাজারের অধিক নির্বাচনের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো নির্বাচনকে প্রভাবিত করেনি। সবগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। একটি নির্বাচন নিয়েও কেউ কারচুপির অভিযোগ আনতে পারেনি। অনেক নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিরোধী দলের হরতালের প্রতি ইঙ্গিত করে বলেন, ৪৮ ঘন্টার আলটিমেটাম ও সরকার উত্খাতের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিরোধী দলীয় নেতা কোন মুখে হরতালের ডাক দেন? উনি হেফাজতের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মজার ব্যাপার হলো, তার ডাকে ঢাকাবাসী তো দূরের কথা, দলের নেতাকর্মীরাও সাড়া দেয়নি। তার সব পরিকল্পনাই ফেল। এ কারণে তার মুখে আন্দোলনের বুলি শোভা পায় না। প্রধানমন্ত্রী আরো বলেন, আমি দিলাম সংলাপের ডাক, আর উনি দিলেন ৪৮ ঘন্টার ‘থ্রেট’। বললেন আমি নাকি পালাবারও পথ পাবো না। পথহারা পথিক এখন কে হয়েছেন? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের অনেক সংগ্রাম ও ত্যাগ করতে হয়েছে। দেশের মানুষ যখন গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে, তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, তখন এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি নেত্রী দিনের পর দিন আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন, বাসে আগুন দিচ্ছেন। উনার আন্দোলন মানে হচ্ছে যারা দিন আনে দিন খায়, সেই সাধারণ শ্রমিক-কৃষক মেহনতি মানুষকে কষ্ট দেয়া। গরিবের পেটে লাথি মারা। দেশকে তারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী দেশে পরিণত করেছিলেন। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করেছি। সেটাও তার ভালো লাগছে না। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ, আধুনিক দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করবোই ইনশাল্লাহ। বক্তব্যের শুরুতে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কিশোরগঞ্জের মানুষ বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমানের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রারম্ভিক বক্তব্যের পর তাঁর সভাপতিত্বে রুদ্ধদ্বার মতবিনিময় বৈঠক শুরু হয়। মতবিনিময় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগে সামনের সারিতে বসা নিয়ে কিশোরগঞ্জের নেতাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা ও হৈচৈ এর ঘটনা ঘটে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, মৃনাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে ৩০ মে মাদারীপুর, ১ জুন ফরিদপুর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আগামী ৩০ মে বৃহস্পতিবার মাদারীপুর ও ১ জুন শনিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় সভা। এই দুই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং মাদারীপুর ও ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লি¬¬ষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।