সাভারে শ্রমিক সংগঠনের নামে বিভিন্ন কারখানায় চাঁদাবাজি

সাভারের আশুলিয়ায় ভুঁইফোড় শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন কারখানায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ব্যবসায়িক ফায়দা লোটার জন্য স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে গড়ে ওঠেছে এই ভুয়া শ্রমিক সংগঠনগুলো। চাহিদা মতো চাঁদা না দিলেই টার্গেটকৃত কারখানায় নিজ নিজ সংগঠনের শ্রমিকদের মাধ্যমে উস্কে দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় এই ভুয়া সংগঠনের নেতারা। সাধারণ শ্রমিকদের আন্দোলনেও ভুয়া সংগঠনগুলো উস্কানি দিয়ে ও তাদের সঙ্গে মিশে গিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। একাধিক গোয়েন্দা সংস্থা ও কারখানার মালিকরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৬ সালে আশুলিয়া অঞ্চলে যখন শ্রমিকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করছিল ঠিক তখনই কিছু শ্রমিক সংগঠনের নামে ভুঁইফোড় সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকদের উস্কে দিয়ে পরিস্থিতি উত্তাল করেছিল। ‘জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ নেতা তজিবর ওরফে তজিবর ডাকাত ও সানি’র গ্রুপটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে শ্রমিকদের উস্কে দিয়ে আন্দোলন বেগবান করতো। ধ্বংসযজ্ঞের ঘটনার নায়কদের গোয়েন্দা সংস্থা চিহ্নিত করে এবং তজিবর ও তার সহযোগী সানোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল। এর পরপরই কমে এসেছিল পোশাক কারখানায় অস্থিরতা। বর্তমানে আশুলিয়া অঞ্চলে এমনি একটি নাম সর্বস্ব সংগঠন ‘স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের’ উদ্ভব হয়েছে। এই সংগঠনের দুইশ’ জন সদস্য। এ সংগঠনের কেন্দ্রী নেতা শামিমা নাসরিন ও সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শামিম খান। এ সংগঠনটির মূল কাজ হচ্ছে শ্রমিক আন্দোলনের হুমকি দিয়ে কারখানার মালিকদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করা। কোন কারখানার মালিক তাদের দাবিকৃত টাকা না দিলেই ওই কারখানায় তাদের সংগঠনের শ্রমিক দিয়ে বিশৃংখলা বাধানো হয়। সম্প্রতি শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনের কাছে এ চক্রটি তিন লাখ টাকা চাঁদা দাবি করে । দাবিকৃত টাকা না পেয়ে দেখে নেয়ারও হুমকি দেয় সংগঠনের পক্ষ থেকে। পর দিনই এই কারখানায় দুপুরের খাবারের পর সাধারণ শ্রমিকদের সঙ্গে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা কারখানায় ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে এই কারখানার নির্বাহী পরিচালক (প্রশাসন) বাদী হয়ে ভুঁইফোড় সংগঠনটির নেতা শামিমা নাসরিন ও শামিম খানসহ ৯৪ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়াও শিল্পাঞ্চলটিতে একের পর এক গুজব ছড়িয়ে পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে ভুঁইফোড় এ শ্রমিক সংগঠনের নেতারা। কারখানার ভিতরে কোন তুচ্ছ ঘটনাকে পুঁজি করে তারা সাধারণ শ্রমিকদের ক্ষিপ্ত করে প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করে। একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায় , স্বাধীন বাংলা শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ আরও কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে। সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে তাদের সাথে ওই সন্ত্রাসীরা মিশে গিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনসহ আশুলিয়া এলাকার একাধিক কারখানা মালিক জানান, নাম সর্বস্ব শ্রমিক সংগঠনের চাঁদাবাজ চক্র এলাকায় গুজব ছড়িয়ে ও নিরীহ সাধারণ শ্রমিকদের উস্কে দিয়ে শ্রমিক আন্দোলনের মাধ্যমে কারখানার কর্তৃত্ব তাদের হাতে নিতে চায়। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই । এক সময় এই সংগঠনের নেতা শামিমা নাসরিন মিরপুরে একটি কারখানার শ্রমিক থাকলেও বর্তমানে প্রাইভেট কারে চলাফেরাসহ বিলাস বহুল জীবন যাপন করেন । গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি তুহিন চৌধুরী জানান, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মূলত একটি এনজিও। বিদেশি অর্থায়নে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। এ সংগঠনটির বিরুদ্বে এ আঞ্চলে চাঁদাবাজির কথা তিনি শুনেছেন বলে জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন , শ্রমিক সংগঠনের নামে শ্রমিক অসন্তোষকে উস্কে দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নেতা শামিমা নাসরিন, শামিম খান, কামরানসহ ৯৪ জনের নামে কারখানায় ভাংচুর, লুটপাট, চাঁদা দাবির অভিযোগে মামলার ব্যাপারে তিনি বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।