‘এমপি-পুষ্ট’ অধস্তনদের দৌরাত্ম্যে অসন্তুষ্ট পুলিশের শীর্ষ কর্মকর্তারা

দলবাজ, লাইনবাজ, তদ্বিরবাজ এবং ঘুষখোর পুলিশের দৌরাত্ম্য ব্যাপক বেড়েছে। তাদের কাছে জিম্মি পুলিশ প্রশাসন। বঞ্চিত হচ্ছেন যোগ্য, অভিজ্ঞ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তারা। তাদের নেই পদোন্নতি ও যোগ্য স্থানে বদলি। শুধু টেবিল চেয়ার পাহারা দিচ্ছেন তারা। চরম ক্ষোভ দেখা যাচ্ছে তাদের মধ্যে। অপরদিকে বিএনপি-জামায়াতের ঘরানারসহ নানা অভিযোগে এ পর্যন্ত ১৫ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে ফেলে রাখা হয়েছে। ছয়জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। দলবাজ, লাইনবাজ, তদ্বিরবাজ ও ঘুষখোর পুলিশের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে তারা শীর্ষ কর্মকর্তার নির্দেশনা মানছে না। কারণ হিসাবে পুলিশের চার শীর্ষ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাই বেশির ভাগ ক্ষেত্রে দলবাজ ও ঘুষখোর হন। থানায় এ ধরনের ওসি ও এসআইদের সংখ্যা ৮০ ভাগ। এরা কোন কোন এমপির তদ্বিরে বদলি হয়ে থানায় যোগদান করেন। সেই সব পুলিশ অফিসার এমপিপুষ্ট পুলিশ অফিসার হিসাবে পুলিশ প্রশাসনের খ্যাত। এসব পুলিশ কর্মকর্তা এমপি, কিংবা স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের হুকুম পালন নিয়ে ব্যস্ত। এমপিপুষ্ট পুলিশ কর্মকর্তাদের কারণে সাধারণ মানুষ থানায় এসে চরম হয়রানির শিকার হন। ঘুষ টেবিলে রেখে তাদের সঙ্গে কথা বলতে হয়। এ সব এমপিপুষ্ট পুলিশের কারণে দেশব্যাপী পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমপির আশীর্বাদপুষ্টতা থেকে বের হয়ে পুলিশ ন্যায়নীতির মধ্যে থেকে সঠিক দায়িত্ব পালনে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ অবস্থা চলতে থাকলে যে দল ক্ষমতায় আসবে সেই দলের দলীয় কর্মী হয়ে পুলিশকে কাজ করতে হয়। ফলে সাধারণ মানুষের উপর হয়রানি ও নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে বলে উক্ত শীর্ষ কর্মকর্তারা জানান।অপর পাঁচ শীর্ষ কর্মকর্তা বলেন, বিএনপিসহ চার দলীয় জোট সরকারের আমলেও পুলিশ প্রশাসনে দলবাজ, লাইনবাজ ও ঘুষখোরদের দৌরাত্ম্যে শীর্ষ কর্মকর্তারা রীতিমতো হিমশিম খেয়েছিলেন। বর্তমান সরকারের আমলে একই অবস্থা। পুলিশ প্রশাসনে ছিল সর্বত্রই দলীয়করণের চাপ। সেই অবস্থার কোন পরিবর্তন নেই বলে কয়েকজন কর্মকর্তা জানান। এ সরকারের আমলে একটু ভিন্ন রূপ দেখা যাচ্ছে। সরাসরি স্থানীয় এমপি ও স্থানীয় দলীয় নেতাদের বাইরে থানায় মামলা ও জিডি করা কষ্টসাধ্য। এ অবস্থা মহানগরের বাইরে জেলা পর্যায়ের থানায় বেশি। সরাসরি ওসি ও ডিউটি অফিসার ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ঐ এলাকার এমপি, কিংবা নির্দিষ্ট ব্যক্তিদের নাম বলে দেন। বলেন, তাদের সুপারিশ কিংবা টেলিফোন না হলে মামলা কিংবা জিডি নেয়া যাবে না। এমনকি অনেক ক্ষেত্রে আসামি ধরতে ওই সব এমপি ও নেতাদের হুমুকের বাইরে থানা পুলিশ যায় না। পুলিশ সদর দফতর সূত্রে বলা হয়, এক শ্রেণির এমপি তদ্বির করে তার পছন্দের ওসি ও এসআইকে বদলি করিয়ে নেন। এতে করে থানা পর্যায়ের ঐ সব পুলিশ কর্মকর্তা জেলার পুলিশ সুপার কিংবা অন্য কর্মকর্তাদের বেশিরভাগ নির্দেশ আমলে নেয় না। তারা এমপির নির্দেশনার বাইরে যায় না। তাদের পেছনে খুঁটি হিসেবে থাকেন এমপি। আগের চেয়ে এমপিদের তদ্বিরে ওসি ও এসআই বদলি কমিয়ে আনা হয়েছে বলে দুই কর্মকর্তা জানান। তিন জেলার তিনজন পুলিশ সুপার বলেন, কোন কোন থানা থেকে উেকাচের ভাগ স্থানীয় ক্ষমতাধর নেতার পকেটে যায়। জমি দখল, নারী নির্যাতন মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগে কোন ধরনের তদন্ত ছাড়া অভিযুক্ত করে। এরপর মোটা অংকের উেকাচ আদায় করে তা নিষ্পত্তি করা হয়। চাহিদা অনুযায়ী উেকাচ না দিলে তা আদালত পর্যন্ত ঐ সব ঘুষখোর দলবাজ পুলিশ কর্মকর্তা অভিযোগ পৌঁছে দেয়। নিরপরাধ হয়ে অনেকে মিথ্যা মামলায় জেল খাটে ও হয়রানির শিকার হয় মাসের পর মাস। একজন পুলিশ দুঃখ করে বলেন, তার জেলার এক এসআইকে একটি বিষয় আইনানুযায়ী করার নির্দেশ দেন। ঐ এসআই উল্টো তাকে বলেন, স্যার আমি আপনার আশীর্বাদে এ থানায় আসিনি, আমি এসেছি এমপির সুপারিশে। আমি আগে এমপির নির্দেশ মানবো বলে সাফ জানিয়ে দেন তিনি। রাজধানীর তিন শীর্ষ কর্মকর্তা বলেন, ওসি ও এসআইদের যে দাপট ও ক্ষমতা তা একজন ডিসির নেই (উপ-পুলিশ কমিশনার)। রাজধানীর বেশির ভাগ থানার ওসি দলীয়ভাবে মোটা অংকের উেকাচের বিনিময়ে থানায় যোগদান করেছেন। তাদের মাথায় থাকে যদি এ সরকার ক্ষমতায় না আসে তাহলে এখন যারা ওএসডি কিংবা দলীয় ঘরানা হিসাবে নানাভাবে হয়রানির শিকার। তাদের ভাগ্যে এটা জুটবে। এ কারণে গ্রেফতারসহ নানাভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। যা তিন পুরুষ বসে খেলে অর্থের সমস্যা হবে না। মহানগর পুলিশের তিন শীর্ষ কর্মকর্তা এর সত্যতা স্বীকার করে বলেছেন, শুধু এক শ্রেণির ওসি ও এসআই নয়, দলীয় আশীর্বাদপুষ্ট, দলবাজ, লাইনবাজ ও তদ্বিরবাজ এসি, এডিসি ও ডিসি কিংবা এর ওপরের পদে দায়িত্বরত কর্মকর্তারা আখের গোছানো নিয়ে ব্যস্ত। তারা জানেন পটপরিবর্তন হলে তাদের ভাগ্যে অনুরূপ ঘটনা ঘটবে। অনেকে বাংলাদেশের বাইরে বাড়ি, গাড়ি, বড় ধরনের বিনিয়োগ করে রেখেছেন। এমন অভিযোগও পাওয়া যায়। এমনকি পাঁচজন ওসির নাম উল্লেখ করে দুই কর্মকর্তা বলেন, এরা মহানগর পুলিশ কমিশনার ছাড়া আর কোন কর্মকর্তার নির্দেশনা আমলে নেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে বেয়াদবি করতে দ্বিধা করে না। এসব দলবাজ ও ঘুষখোর ওসি, এসআই ও উপরের শীর্ষ কর্মকর্তাদের কারণে সকল মহলে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব পুলিশ কর্মকর্তারা দলের জন্য যদি কাজ করে এক আনা এবং তার ব্যক্তিস্বার্থ কিংবা আর্থিক সুবিধা নেয় ১০ গুণ। এমন উদাহরণ দিয়েছে অপর এক শীর্ষ কর্মকর্তা। পুলিশ সদর দফতরের হাতে গোনা কয়েকজন দলবাজ পুলিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন বিতর্কিত যুগ্মসচিব ও একজন ব্যক্তিগত কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট নিয়োগ, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। তাদের ক্ষমতার কারণে পুলিশ সদর দফতরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সদর দফতরে দলবাজ একজন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তার এমন দাপট যে, তাকে খুশি করা ব্যতীত অনেকের চেয়ার ঠিক থাকে না। তিনি উক্ত সিন্ডিকেটের সদস্য। তার বাসার কাঁচা বাজার পর্যন্ত একজন অতিরিক্ত আইজি পদ মর্যাদার কর্মকর্তা করে দেন। এমন অভিযোগ পাওয়া যায়। তিনি যে শীর্ষ কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন, ঐ কর্মকর্তা দাঁড়িয়ে তাকে গ্রহণ করতে দেখা যায়। ১ লাখ ৩২ হাজার পুলিশের মধ্যে সত্ নিষ্ঠাবান, দেশপ্রেম, যোগ্য ও অভিজ্ঞ পুলিশ সদস্যের সংখ্যাই ৯৯ ভাগ। এক শ্রেণির ঘুষখোর, দলবাজ, লাইনবাজ, তদ্বিরকারী ও নিয়োগ বদলি বাণিজ্য সিন্ডিকেটের কাছে পুলিশ প্রশাসন জিম্মি থাকতে পারে না বলে অপর দুই শীর্ষ কর্মকর্তা জানান। এই সিন্ডিকেটের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এখনই সময় উক্ত দুর্নীতিবাজদের কাছ থেকে পুলিশ প্রশাসনকে রক্ষা করা। বর্তমান সরকারের পক্ষে এই কাজ করা সম্ভব। তাহলে সরকারের ভাবমূর্তি ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে এমন মন্তব্য করেছেন তিন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। তাদের মতে, ওএসডি থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তারা ওএসডি থাকায় তাদের পেছনে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশে কোন দুর্নীতিবাজ, লাইনবাজ কিংবা ঘুষখোরদের ঠাঁই নেই। যে কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হয়ে থাকে। পুলিশ সদর দফতরে কিংবা প্রশাসনে কোন সিন্ডিকেটের ঠাঁই নেই। প্রশাসন নিষ্ঠা ও সততার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। অতীতে পুলিশ প্রশাসন দলীয়করণের নামে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছিল। বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতি পুলিশ প্রশাসনে নেই বলে তিনি দাবি করেন।