শিবালয় ও কটিয়াদীতে মন্দির ভাংচুর অগ্নিসংযোগ

শিবালয়ের কাওয়ারবিল গ্রামে কালী মন্দিরে অগ্নিসংযোগ ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মামুদপুর গ্রামে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। শিবালয়ের কালী মন্দিরে আগুন দেয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার পুত্র আমিনূর রহমান মিনুকে গত বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার কাওয়ারবিল সার্বজনীন কালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মহাদেবপুর আওয়ামী লীগের সভাপতি মুক্তার আলীর পুত্রকে আটক করা হয়। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তার দেয়া তথ্য মতে, ঘটনার সাথে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে গত শুক্রবার কালীমূর্তি ও মহাদেব মূর্তি ভাংচুরের ঘটনায় পুলিশ গত শুক্রবার আঃ নবী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ তার কাছ থেকে একটি স্বর্ণের টিপ উদ্ধার করে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফারহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ইউএনও ফারাহ্ গুল নিঝুম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দিরের সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য প্রফেসর ডা. এমএ মান্নান নতুন মূর্তি তৈরি ও নিয়মিত পূজা-পার্বণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।