প্রান্তিক নারী হাফিজা বেগম
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৪৫
অজপাড়া গাঁ থেকে নানা সমস্যা ও প্রতিকূলতার মাঝ থেকে উঠে আসা এক প্রতিবাদী নারী হাফিজা বেগম। তিনি বর্তমানে রাজীবপুর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি পরপর ৩ বার সফলভাবে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ ২০ বছর থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি পরিচালতি ভূমিহীন সংগঠনের সভাপতিত্ব করছেন। হাফিজা বেগম তার বয়সে ১০ বার নদী ভাঙ্গনের শিকার হন। বার বার নদী ভাঙ্গনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে তিনি ভূমিহীনে পরিনত হন। বর্তমানে তিনি রাজীবপুর উপজেলার সবুজবাগ গ্রামে বসবাস করছেন। তার স্বামী আব্দুল হামিদ। ২ ছেলে ২ মেয়ে নিয়ে তাদের সংসার। তার বয়স যখন ৫ বছর তখন তার বাবা আজিম উদ্দিন সরকার মারা যান। তার চাচারা তাকে লেখাপড়া না করিয়ে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেন। স্বামীর পারিবারিক অবস্থা ভালো না থাকা সত্বেও হাফিজা বেগম শুধু মাত্র নিজের চেষ্টায় লেখাপড়া করেন। ১৯৮১ সাল তখন হাফিজা বেগমের বয়স ১৪। স্বামীর ঘরে থেকেই সমাজের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় করে নেওয়ার সংগ্রাম শুরু করেন।