শেয়ারবাজারে পুরোনো চিত্র
লেনদেন কমেছে ৪৭ শতাংশ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৫১
গত সপ্তায় শেয়ারবাজারে লেনদেন ও দর বাড়ার প্রবণতায় কিছুটা ইতিবাচক ধারা দেখা দিলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই পুরোনো চিত্র দেখা গেছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কমেছে। সূচক কমেছে প্রায় ৮০ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচক কমলে বা বাড়লে বিনিয়োগকারীদের মধ্যে যে আশঙ্কা দেখা দেখা দেয় তা অনেক বেড়ে যায় লেনদেন কম হলে। কয়েকদিন বাজারে লেনদেন ভালো হলেও গতকাল লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৮ পয়েন্ট কমে ৩ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৫২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, হরতালকে কেন্দ করে রাজনৈতিক অস্থিতিশীলতা পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবচাচক প্রভাব পড়েছে। ফলে বাজারে লেনদেন কমেছে প্রায় ৪৭ শতাংশ। একইসঙ্গে সূচকও কমেছে অনেক। তবে এরমধ্যেও কিছুটা দাম বেড়েছে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর। আর লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি খাত। এ খাতের লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের ১২ দশমিক ৯১ শতাংশ। এরপরই রয়েছে ব্যাংকিং খাত। এ খাতে লেনদেন হয়েছে ১২ দশমিক ৮৮ শতাংশ। তবে এদিন ফার্মাসিউটিক্যালস খাতের লেনদেন হয়েছে মাত্র ৭ কোটি ৮৪ লাখ টাকা।