‘দুর্ঘটনার সাথে শ্রমিকদের অবহেলার সুত্র খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র’
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৫১
বাংলাদেশে সামপ্রতিক সময়ে কারখানায় বড় ট্রাজেডির জন্য শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলার চোখে দেখা হয়েছে কি না সেটি সনাক্ত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির সহকারি সেক্রেটারি জোসে ফার্নান্দেজ। তিনি বলেন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সংলাপে শ্রমিক অধিকার তথা মানবাধিকার, বাণিজ্যিক সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগের বিষয়ে আলোচনা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সংলাপে অংশ নিতে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি আফতাব-উল ইসলাম ছাড়াও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব শহিদুল হক, অ্যামচেমের ভাইস প্রেসিডেন্ট জিওফ স্ট্রং প্রমুখ আলোচনাং অংশ নেন।
তিনি বলেন, বাংলাদেশের বানিজ্য সম্পর্ক তৈরি হলেও সময়ের পরিক্রমায় তা এখন মানবিক সম্পর্কে পরিণত হয়েছে। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র অংশীদার হতে চায়।
শহীদুল হক সমপ্রতি সাভারের রানা প্লাজায় বহু হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতাসহ দুর্বল অবকাঠামো ও সুশাসনের অভাব দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা হিসেবে আখ্যায়িত করেন আফতাব-উল ইসলাম।