বেলজিয়ামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

বেলজিয়ামকে বাংলাদেশের সম্ভাবনার খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। ‘বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যকার বাণিজ্য সুবিধা অন্বেষণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ভারতীয় বেলজিয়াম দূতাবাসের মাধ্যমে সেমিনারের আয়োজন করে ফ্লেন্ডার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড। সেমিনার আয়োজনে সম্পৃক্ত ছিল এফবিসিসিআই, ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বার। বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের ব্যবসায়ীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বর্তমানে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর করছেন। এফবিসিসিআই সভাপতি ফ্লেমিশ ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশের বিদ্যুত্ ও অবকাঠামো, ওষুধ শিল্প, মূল্য সংযোজন সম্পন্ন পাট পণ্য, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য, প্লাস্টিক খাতের বহুমুখীকরণ, জাহাজ নির্মাণ, চামড়া শিল্প, টেক্সটাইল ও হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন। গতকাল দেশব্যাপী বিরোধী দলের হরতাল ছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক সংকট চলছে। এই অবস্থার প্রতি ইঙ্গিত করে কাজী আকরাম বলেন, পৃথিবীর যে কোন দেশেই নির্বাচনকালীন সময়ে এ ধরনের সংকট থাকে। নির্বাচনের ২ থেকে ৩ মাসের মধ্যেই এই সংকট কেটে যাবে। আলোচনায় অংশ নিয়ে শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া বেলজিয়ামকে এদেশে বিনিয়োগের পাশাপাশি দূতাবাস খোলার আহ্বান জানান। বাংলাদেশে বর্তমানে বিদ্যুত্, অবকাঠামো ও রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা কেটে যাবে আশা প্রকাশ করেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বেলজিয়ামের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের উত্পাদিত পণ্য সেবা সম্পর্কে ধারণা দেন। তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগের উপর গুরুত্ব দেন। সফরকারী দলের নেতা জোস ডি ক্লের্ক বলেন, উভয় দেশের লাভালাভের ভিত্তিতে বাণিজ্য বিনিয়োগ এগিয়ে নেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বেলজিয়ামের সাথে বিদ্যমান বাণিজ্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। গত ২০১১-১২ অর্থ বছরে উভয় দেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের। এর মধ্যে বাংলাদেশ সেখানে রপ্তানি করেছে ৭৪ কোটি ডলার আর বেলজিয়াম থেকে আমদানি করেছে সাড়ে ১৪ কোটি ডলারের পণ্য। দেশটিতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক পণ্য, হিমায়িত খাদ্য, কাঁচা পাট ও পাটজাত সামগ্রী, কৃষিজাত পণ্য, কেমিক্যাল পণ্য, বাইসাইকেল, চামড়া ও চামড়াজাত সামগ্রী, জুতা, টোবাকো। আর আমদানি পণ্যের মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, এয়ারক্রাফট, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বেভারেজ, স্পিরিট ও ভিনেগার, টোবাকো ও টেক্সটাইল সামগ্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান প্রমুখ।